সত্যম চক্রবর্তী দিব্য, নেত্রকোণা: যুবসমাজের মধ্যে পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও পরিবেশ আইন সম্পর্কে ধারণা সৃষ্টির লক্ষ্যে নেত্রকোনায় আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৮ আগস্ট) নেত্রকোনা যুব উন্নয়ন অধিদপ্তরের ‘যুব ভবন’ মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ও আবদুর রহমান ফাউন্ডেশন বাংলাদেশ (এআরএফবি)-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
নেত্রকোনা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ফারজানা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান। তিনি তাঁর বক্তব্যে পরিবেশ রক্ষায় করণীয়, বৃক্ষরোপণের গুরুত্ব এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ১৭টি লক্ষ্যের সঙ্গে পরিবেশের সম্পর্ক তুলে ধরেন। এ ছাড়া বনভূমি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় নেত্রকোনা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মতিন পরিবেশ আইন নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং পরিবেশ রক্ষায় নাগরিকদের দায়িত্ব ও করণীয় তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বেলার ময়মনসিংহ বিভাগের ডিভিশনাল অফিসার উজ্জ্বল কুবি, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, সাবেক সাধারণ সম্পাদক এম মুখলেছুর রহমান খান, এআরএফবির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিলওয়ার খান এবং নেত্রকোনা সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান।
আলোচনা সভা শেষে দুর্গাপুর, পূর্বধলা ও কেন্দুয়া উপজেলার তিনটি যুব সংগঠনের মাঝে নিবন্ধন সনদ বিতরণ করা হয়। পরে যুব ভবন প্রাঙ্গণে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণসহ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।