দেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা হবে: কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী

আপলোড সময় : ১৬-০৮-২০২৬ ০৩:৪৩:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৮-২০২৬ ০৩:৪৩:২৮ অপরাহ্ন

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা হবে। সে লক্ষ্যে মানুষের জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার।
 

আজ রোববার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাটে ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করে উপস্থিত জনতার উদ্দেশে তিনি এসব কথা বলেন।

 

প্রধানমন্ত্রী বলেন, বিএনপির রাজনীতির মূল লক্ষ্য দেশের মানুষের কল্যাণ। সে লক্ষ্যে সরকার গঠনের পর সারা দেশে খাল খনন কর্মসূচি শুরু হয়েছে। এর ফলে কৃষকের সেচ সুবিধা বাড়বে এবং স্থানীয় মানুষও পানির সুবিধা পাবেন। এসব খাল ও নদীতে পর্যায়ক্রমে মাছের পোনা অবমুক্ত করা হবে। এতে একদিকে কৃষকের সেচ সুবিধা বাড়বে, অন্যদিকে মানুষের খাদ্যের চাহিদাও পূরণ হবে।
 

নারী, শিক্ষার্থী ও কৃষকদের জন্য নতুন উদ্যোগ
 

দেশের উন্নয়ন তরান্বিত করতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন সরকারপ্রধান:

নারীসমাজকে পেছনে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, নারীদের অনার্স (স্নাতক) পর্যন্ত বিনা মূল্যে পড়াশোনার ব্যবস্থা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ভালো ফল করা শিক্ষার্থীদের উপবৃত্তিও দেওয়া হবে। প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১ কোটি ২০ লাখ শিক্ষার্থীর জন্য প্রতিবছর নতুন বইয়ের পাশাপাশি স্কুল ড্রেস ও ব্যাগ দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। নারীদের স্বাবলম্বী করতে দেশের চার কোটি পরিবারের নারীপ্রধানের হাতে পর্যায়ক্রমে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়া হবে। আগামী পাঁচ বছরের মধ্যে প্রতিটি ঘরে এই কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে, যার আনুষ্ঠানিক কার্যক্রম আজ কিশোরগঞ্জ থেকে উদ্বোধন করা হচ্ছে।


কৃষকদের বছরে আর্থিক সহযোগিতাসহ সার, বীজ ও কীটনাশক পৌঁছে দিতে ‘কৃষি কার্ড’-এর পরিকল্পনা নেওয়া হয়েছে। তরুণ প্রজন্মকে খেলাধুলা ও সংস্কৃতিতে এগিয়ে নিতে ‘নতুন কুঁড়ি’ কর্মসূচির মাধ্যমে খেলোয়াড় ও শিল্পী তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
 

দেশে চলমান বিদ্যুৎ সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমানে সারা দেশের মানুষ বিদ্যুতের কষ্ট ভোগ করছেন। আগামী ২৭ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন শুরু হলে আগামী ১০ বছরের বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন করা হবে।’
 

সংকট মোকাবিলায় দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিদ্যুৎ সংকটকে কেন্দ্র করে রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন সাধারণ মানুষ।
 

আগের সরকারের সমালোচনা করে তারেক রহমান বলেন, বিগত সরকারের সময় দেশের অর্থনীতি, পররাষ্ট্রনীতি, শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থাসহ বিভিন্ন খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এক দিনে সব সমস্যার সমাধান সম্ভব নয়; ধ্বংসপ্রাপ্ত অবস্থা থেকে দেশকে পুনর্গঠন করতে সময় লাগবে। তিনি গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখতে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান।
 

অনুষ্ঠানে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দিন, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : [email protected]