সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল (বেতনকাঠামো) চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং যেকোনো সময় এর ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার। আজ রোববার (১৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
নতুন পে-স্কেলের প্রয়োজনীয়তা তুলে ধরে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, গত ১১ বছর নতুন পে-স্কেল না হওয়ায় দেশের প্রায় ১৮ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী মূল্যস্ফীতির মারাত্মক চাপে রয়েছেন। বিষয়টি জনগণের জন্য কিছুটা কষ্টকর হলেও বাস্তবতার নিরিখে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার ব্যয় সমন্বয় করতে হবে।
বর্তমান সরকারের প্রধান চ্যালেঞ্জ অর্থনীতি উল্লেখ করে এ বি এম আবদুস সাত্তার বলেন, এই সংকট সমাধানে সরকার নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং উৎপাদনশীলতা বাড়ানোর ওপর বিশেষ জোর দিচ্ছে। সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি সামাল দিতে সরকারের এসব পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।
দেশে চলমান গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কারণও ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং পূর্ববর্তী সরকারের বিকল্প কোনো ব্যবস্থা না থাকার কারণেই মূলত বর্তমান জ্বালানি সংকট তৈরি হয়েছে।
তবে এই সংকট কাটাতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে রাশিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও চীন থেকে বহুমুখী সরবরাহব্যবস্থা (সাপ্লাই চেইন) তৈরির চেষ্টা করছে সরকার।