এক যুগে নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

আপলোড সময় : ১১-০৮-২০২৬ ০৮:১৫:১৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১১-০৮-২০২৬ ০৮:১৫:১৫ পূর্বাহ্ন

‘ঐক্য, নিষ্ঠা ও সৃজনশীলতা’ প্রতিপাদ্য সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাককানইবিসাস) প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হয়েছে। সংগঠনটি এক যুগে পদার্পণ উপলক্ষে গতকাল সোমবার (১০ আগস্ট) দিনব্যাপী ক্যাম্পাসে নানা কর্মসূচির আয়োজন করা হয়।
 

সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি আনন্দ র‍্যালির মধ্য দিয়ে উদ্‌যাপন কর্মসূচি শুরু হয়। এরপর ক্যাম্পাস চত্বরে বৃক্ষরোপণ ও কেক কাটার মাধ্যমে আনুষ্ঠানিকতা এগিয়ে চলে। দিনের কর্মসূচির অংশ হিসেবে এ সময় সমিতির নতুন বছরের ক্যালেন্ডার ও ডায়েরি উন্মোচন করা হয়।

 

বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে মূল সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘সাংবাদিকরাই বিশ্ববিদ্যালয়ের অহংকার ও শুভেচ্ছাদূত হিসেবে সারা দেশে প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করেন। বস্তুনিষ্ঠ সত্য প্রকাশের অধিকার যেমন তাঁদের রয়েছে, প্রতিষ্ঠানের ভাবমূর্তি রক্ষার দায়িত্বও তেমনি সবার একসঙ্গে বহন করার বিষয়।’
 

চাটুকারিতা এড়িয়ে সত্য ও বস্তুনিষ্ঠতার আদর্শ মেনে ক্যাম্পাস সাংবাদিকতা করার আহ্বান জানিয়ে উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের অর্জিত সাফল্য মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার কাজটি করেন সাংবাদিকরাই। সততার সঙ্গে এই পেশায় কাজ করলে তা ব্যক্তি ও জাতীয় জীবনে সম্মানের আসনে অধিষ্ঠিত করবে।
 

সমিতির সভাপতি মোছা. জান্নাতী বেগমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ সাদের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের হেড অব অনলাইন অ্যান্ড মাল্টিমিডিয়া ও সার্ক জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক শিয়াবুর রহমান শিহাব এবং আল-জাজিরার সাংবাদিক মওদুদ আহমেদ সুজন।
 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. সাখাওয়াত হোসেন সরকার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার খন্দকার নাজমুল হাসান, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান এবং ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান ড. জিল্লুর রহমান পল। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।
 

উল্লেখ্য, ২০১৫ সালের ১২ মে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের নানা কার্যক্রম, শিক্ষার্থীদের সমস্যা-সম্ভাবনা ও অর্জন গণমাধ্যমে তুলে ধরার পাশাপাশি দায়িত্বশীল ক্যাম্পাস সাংবাদিকতার চর্চা করে আসছে।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ আরিজ উলফি 
নির্বাহী সম্পাদক: আবুল হুসাইন 
সহযোগী সম্পাদক: মো: মনিরুজ্জামান
সহযোগী সম্পাদক: সাইফুর রহমান প্রিন্স 
সহযোগী সম্পাদক: মো: আলমগীর হোসেন

ঠিকানা:
সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
টেলিফোন: +৮৮০২২২২২২৩৫৫০
ইমেইল : [email protected]