দেশে অনুষ্ঠিত গণভোট যদি অবৈধ হয়ে থাকে, তবে বর্তমান সরকারও অবৈধ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। তিনি বলেছেন, জনগণের ভোটে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের যে ম্যান্ডেট দেওয়া হয়েছে, সরকারকে অবশ্যই তা বাস্তবায়ন করতে হবে।
গতকাল রোববার (৯ আগস্ট) সন্ধ্যায় ফরিদপুরের সদরপুর স্টেডিয়ামে উপজেলা খেলাফত মজলিস আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে সরকারের সমালোচনা করে মামুনুল হক বলেন, ‘দেশের হাজার হাজার কোটি টাকা খরচ করে গণভোটের আয়োজন করা হয়েছে। দেশের ৭০ শতাংশ মানুষ “হ্যাঁ” ভোট দিয়েছেন। এখন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব বলছেন, গণভোট নাকি অবৈধ ছিল। যদি গণভোট অবৈধ হয়, তাহলে বর্তমান সরকারও অবৈধ।’
‘জুলাই সনদ’-এর প্রসঙ্গ টেনে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির বলেন, বাংলাদেশের ৩৩টি রাজনৈতিক দল আলোচনা করে এই সনদ প্রণয়ন করেছে। এটি বাস্তবায়নের জন্যই গণভোট অনুষ্ঠিত হয়েছে এবং জনগণ এর পক্ষে রায় (ম্যান্ডেট) দিয়েছে। তাই জনগণের ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে অবিলম্বে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করতে হবে।
তিনি আরও বলেন, ‘আমাদের আন্দোলন সরকার পতনের জন্য নয়, আমাদের আন্দোলন গণভোটের রায় বাস্তবায়নের জন্য।’
বিগত সরকারের আমলের সমালোচনা করে মামুনুল হক বলেন, ‘বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে গোটা প্রশাসনকে দলীয়করণ করা হয়েছিল। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও হেলমেট লীগের পর তারা “পুলিশ লীগ” তৈরি করেছিল। আমরা চাই না নতুন করে ছাত্রদল, যুবদল কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের মতো “পুলিশ দল” তৈরি হোক।’
সরকারি নিয়োগে রাজনৈতিক প্রভাব বন্ধ করতে নির্দলীয় ও নিরপেক্ষ সার্ভিস কমিশন গঠনের দাবি জানিয়ে তিনি বলেন, এর মাধ্যমেই সরকারি সব নিয়োগ সম্পন্ন করতে হবে।
ফরিদপুর জেলা শাখা খেলাফত মজলিসের সহসভাপতি মাওলানা মিজানুর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমাদ, যুগ্ম মহাসচিব মুফতি শরাফাত হোসাইন, সদরপুর উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।