প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে তিন দিন ধরে অনশন করছেন তিন সন্তানের জননী এক নারী। আর স্ত্রীর এমন কাণ্ডে ক্ষোভে ও দুঃখে জনসমক্ষে দুধ দিয়ে গোসল করে বৈবাহিক সম্পর্কের ইতি টানলেন স্বামী। সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ঘটা এই বিরল ঘটনা এখন স্থানীয়দের মুখে মুখে।
খোঁজ নিয়ে জানা যায়, দোয়ারাবাজার উপজেলার রাঙাউটি গ্রামের সোহেল মিয়ার স্ত্রী মাহমুদা আক্তারের সঙ্গে উত্তর কলাউড়া গ্রামের ফয়েজ মিয়ার (খয়েজ) দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমের সম্পর্ক চলছিল। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বেশ কিছুদিন ধরে কলহ চলে আসছিল। সম্প্রতি বিয়ের দাবিতে প্রেমিক ফয়েজের উত্তর কলাউড়া গ্রামের বাড়িতে গিয়ে ওঠেন মাহমুদা এবং তিন দিন ধরে সেখানে অনশন শুরু করেন।
স্ত্রীর পরকীয়া ও অনশনের বিষয়টি জানাজানি হলে মানসিকভাবে ভেঙে পড়েন স্বামী সোহেল মিয়া। স্ত্রীর এমন আচরণে ক্ষুব্ধ হয়ে গতকাল শনিবার (৮ আগস্ট) দুপুরে তিনি অভিনব এক কাণ্ড ঘটান। জনসমক্ষে গায়ে দুধ ঢেলে গোসল করে স্ত্রীর সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে উপজেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সাংবাদিকেরা ঘটনাস্থলে গেলে অনশনরত মাহমুদা আক্তার তাঁর পরকীয়া সম্পর্কের কথা স্বীকার করেন। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত ফয়েজ মিয়া গা ঢাকা দিয়েছেন। তাঁর মুঠোফোন বন্ধ থাকায় এ বিষয়ে তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে পরিস্থিতি শান্ত করতে এবং এই অনাকাঙ্ক্ষিত ঘটনার একটি সুষ্ঠু সমাধানে স্থানীয় মাতব্বররা চেষ্টা চালাচ্ছেন বলে জানা গেছে।