ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো চট্টগ্রাম ও কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ রোববার (৯ আগস্ট) সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে করে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীর উদ্দেশে যাত্রা করবেন তিনি।
আজ রোববার (৯ আগস্ট) সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে করে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীর উদ্দেশে যাত্রা করবেন তিনি।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এই তথ্য জানিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাওয়া সফরসূচি অনুযায়ী তাঁর আজকের বিস্তারিত কর্মসূচি নিচে তুলে ধরা হলো:
সফরসূচি অনুযায়ী, আজ সকাল সাড়ে ১০টায় মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
দুপুর দেড়টার দিকে ফটিকছড়ি উপজেলার পেলাগাজী দীঘির মাঠে অবতরণ করে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। সেখানে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। এরপর তিনি প্রয়াত আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন।
বিকেল পৌনে চারটায় হাটহাজারী জেলা পরিষদ ডাকবাংলোতে বিরতি নেবেন প্রধানমন্ত্রী। এরপর সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে বিকেল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে আয়োজিত আরও একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।
সন্ধ্যার দিকে চট্টগ্রামের র্যাডিসন ব্লু হোটেলের মিলনায়তনে আয়োজিত একটি সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনের সব কর্মসূচি শেষে রাতেই তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।