পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসন পল্লি ‘গ্রিনসিটি’তে মদ্যপ অবস্থায় দুই রুশ নাগরিকের মারামারিতে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত অপর রুশ নাগরিক একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। আজ সোমবার (৩ আগস্ট) সকালে গ্রিনসিটিতে এ ঘটনা ঘটে।
নিহত রুশ নাগরিকের নাম সের্গেই নিকোলায়েভিচ (৫৬)। তিনি গ্রিনসিটির ৬ নম্বর ভবনের ৫০১ নম্বর কক্ষে থাকতেন। অন্যদিকে আহত ব্যক্তির নাম মেনচেভ (৫৩), তিনি পাবনার এসোর্ট স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। তাঁরা দুজনই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান ‘রোসেম’ কোম্পানির কর্মী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ ঘটনার আগে দুই রুশ নাগরিক একসঙ্গে মদ্যপান করছিলেন। একপর্যায়ে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে তাঁদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। পরে তা হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। এতে দুজনই গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন। পরে অন্য সহকর্মীরা তাঁদের উদ্ধার করে প্রথমে গ্রিনসিটি হাসপাতালে নিয়ে যান।
গ্রিনসিটি হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সাইফুল ইসলাম জানান, দুই বিদেশিকে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তাঁদের অবস্থা সংকটাপন্ন হওয়ায় এবং হাসপাতালে আইসিইউ সুবিধা না থাকায় দ্রুত পাবনার এসোর্ট স্পেশালাইজড হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সের্গেই নিকোলায়েভিচ মারা যান। আহত অপর রুশ নাগরিক এখনো আইসিইউতে চিকিৎসাধীন।
এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, ‘লাশের ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে রাশিয়ান দূতাবাসের মাধ্যমে স্বজনদের কাছে পাঠানোর ব্যবস্থা করা হবে। আহত ব্যক্তির চিকিৎসা চলছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।’