পশ্চিম তীরে ফিলিস্তিনি মসজিদে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের আগুন

আপলোড সময় : ২৬-০৭-২০২৬ ১২:৫১:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৭-২০২৬ ১২:৫১:৩৮ অপরাহ্ন

অধিকৃত পশ্চিম তীরের নাবলুসের দক্ষিণে কুসরা গ্রামে রাতের আঁধারে একটি মসজিদে আগুন ধরিয়ে দিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। ফিলিস্তিনি গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
 

মসজিদে অগ্নিসংযোগের পাশাপাশি এর দেয়ালে স্প্রে-পেইন্ট দিয়ে হিব্রু ভাষায় ‘বেনায়াহুর প্রতিশোধ’, একটি ডেভিডের তারকা (স্টার অব ডেভিড) এবং আরও কিছু বার্তা লিখে রেখে যায় হামলাকারীরা। তবে এই অগ্নিসংযোগের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
 

ধারণা করা হচ্ছে, হাভাত গিলাদ বসতির বেসামরিক নিরাপত্তা দলের সদস্য বেনায়াহু মেলেত নিহতের ঘটনার প্রতিশোধ নিতেই এই ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। গত শুক্রবার ফিলিস্তিনের তেল গ্রামে একদল ইসরায়েলির সঙ্গে ফিলিস্তিনি গ্রামবাসীদের সংঘর্ষের সময় এক ইসরায়েলি সেনা কমান্ডারের সঙ্গে তিনিও গুলিতে নিহত হন।
 

সংঘর্ষের সময় ওই ইসরায়েলি দলটিতে সশস্ত্র ব্যক্তি ও অপ্রাপ্তবয়স্করাও ছিল। সংঘর্ষের একপর্যায়ে মেলেতের রাইফেল তাঁর কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল।
 

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইসরায়েলিদের জন্য নিষিদ্ধ ওই এলাকায় প্রবেশের আগে তারা সেনাবাহিনীর সঙ্গে কোনো ধরনের সমন্বয় করেনি। অন্যদিকে ফিলিস্তিনিদের দাবি, ওই প্রাণঘাতী সংঘর্ষের আগে ইসরায়েলিরাই গ্রামটিতে প্রথম হামলা চালিয়েছিল।

সম্পাদকীয় : দৈনিক সকল সংবাদ


দৈনিক সকল সংবাদ সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ ও জনজীবনের নানা বিষয় আমরা দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।

 

সুইট # ২, (১১ তলা) পল্টন চায়না টাউন (পশ্চিম টাওয়ার), ৬৭/১, নয়াপল্টন ভি আই পি রোড, ঢাকা -১০০০, বাংলাদেশে।
ইমেইল : [email protected]