দীর্ঘ ২ বছর পর ফের বড়পর্দায় আসছে জিৎ অভিনীত সিনেমা। একই সঙ্গে প্রেক্ষাগৃহে মুক্তির মিছিলে রয়েছে দেব অভিনীত সিনেমাও। টলিউডের বক্স অফিসে এবার জিৎ বনাম দেবের হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত তা আর হচ্ছে না।
প্রেক্ষাগৃহে দুই তারকার দুই সিনেমা মুক্তির সমীকরণ বদলে গেছে। স্বাধীনতা দিবসে মুখোমুখি লড়াই হচ্ছে না দুই সুপারস্টারের। প্রথমে ঘোষণা করা হয়েছিল, আগামী ১৪ আগস্ট মুক্তি পাবে দেব অভিনীত ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’। একই দিনে মুক্তির দিন ঘোষণা করা হয় জিতের নতুন ছবি ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’। ফলে দুই তারকার ছবির সম্ভাব্য বক্স অফিস লড়াই নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা বাড়ছিল।
২০২৪ সালে ‘বুমেরাং’-এর পর দীর্ঘ বিরতি কাটিয়ে বড়পর্দায় ফিরছেন জিৎ। পথিকৃৎ বসুর পরিচালনায় এই সিনেমাতে তিনি অভিনয় করেছেন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম বীর অনন্ত লাল সিংয়ের চরিত্রে। সিনেমাটি প্রথমে মে মাসে মুক্তির কথা থাকলেও পরে সেই পরিকল্পনা বদলে যায়। স্বাধীনতা সংগ্রামের সাহসী যোদ্ধা, আবার অনেকের কাছে ‘ডাকাত’—এই দ্বৈত পরিচয়ের আড়ালে থাকা এক জটিল মানুষের গল্পই তুলে ধরা হয়েছে এই সিনেমাতে।
অন্যদিকে, পদ্মশ্রী করিমুল হকের জীবন অবলম্বনে তৈরি হয়েছে দেবের ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’। সিনেমার শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে। দেবের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রুক্মিণী মৈত্রকে। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, স্বাধীনতা দিবসে আর মুক্তি পাচ্ছে না এই ছবি।
দেব এবং জিৎ—দুই ছবিরই সহপ্রযোজনা করেছে নন্দী মুভিজ। সাধারণত একই প্রযোজনা সংস্থার দুটি বড় ছবি এক দিনে মুক্তি পায় না। সেই কারণেই দেবের সিনেমার মুক্তির দিন পিছিয়ে দেওয়া হয়েছে বলেই মনে করা হচ্ছে। ফলে স্বাধীনতা দিবসে বড়পর্দা আপাতত থাকছে জিতের দখলেই আর দেব অভিনীত সিনেমা মুক্তির নতুন তারিখ জানার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।

ডেস্ক রিপোর্ট