মোঃআব্দুজ জাহের, বাঘাইছড়ি: বাঘাইছড়িতে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় বসতবাড়ি হারিয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন শওকত আলী। প্রবল স্রোতে তার একমাত্র বসতবাড়িটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যাওয়ায় বর্তমানে পরিবার-পরিজন নিয়ে চরম দুর্ভোগে দিন কাটছে। নিরাপদ আশ্রয়ের অভাবে খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাতে হচ্ছে তাকে।
জানা গেছে, শওকত আলীর বাড়ি বাঘাইছড়ি পৌরসভার ২ নং ওয়ার্ডের মুসলিম ব্লক গুচ্ছগ্রামে। সাম্প্রতিক বন্যার তীব্র স্রোতে তার বসতবাড়ি সম্পূর্ণ ভেঙে যায়। এতে ঘরের আসবাবপত্র, প্রয়োজনীয় মালামাল ও দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্রও পানিতে ভেসে বা নষ্ট হয়ে যায়। আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় নতুন করে ঘর নির্মাণ করা তার পক্ষে সম্ভব হচ্ছে না।
শওকত আলী বলেন, “বন্যায় আমার সবকিছু শেষ হয়ে গেছে। পরিবার নিয়ে এখন খুব কষ্টে আছি। মাথা গোঁজার মতো কোনো নিরাপদ আশ্রয় নেই। প্রশাসন এবং সমাজের বিত্তবান মানুষের সহযোগিতা পেলে আবার নতুন করে ঘর নির্মাণ করে স্বাভাবিক জীবনে ফিরতে পারব।”
স্থানীয় বাসিন্দারা জানান, শওকত আলীর পরিবার বর্তমানে অত্যন্ত অসহায় অবস্থায় রয়েছে। তারা দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।
এলাকাবাসীর প্রত্যাশা, মানবিক দৃষ্টিকোণ থেকে প্রশাসন ও সমাজের বিত্তবান ব্যক্তিরা শওকত আলীর পরিবারের পাশে দাঁড়িয়ে দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করবেন, যাতে তারা আবার একটি নিরাপদ আশ্রয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন।
নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ সংবাদ
