চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শহীদ আবু সাঈদ হলে অভিযান চালিয়ে গাঁজা ও মাদক সেবনের সরঞ্জামসহ ৯ জন শিক্ষার্থীকে হাতেনাতে আটক করেছে ছাত্রকল্যাণ দপ্তরের পরিদর্শক দল। বৃহস্পতিবার দিবাগত রাত (শুক্রবার) সাড়ে ১২টার দিকে হলের ৫২৯ নম্বর কক্ষ থেকে তাঁদের আটক করা হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, আটক হওয়া শিক্ষার্থীদের মধ্যে ২০২১-২২ শিক্ষাবর্ষের ২ জন, ২০২২-২৩ শিক্ষাবর্ষের ৫ জন এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ২ জন রয়েছেন। তাঁদের মধ্যে ৪ জন শহীদ আবু সাঈদ হলের, ৩ জন মুক্তিযোদ্ধা হলের, ১ জন ড. কুদরাত-ই-খুদা হলের এবং অপর ১ জন কবি কাজী নজরুল ইসলাম হলের আবাসিক শিক্ষার্থী।
অভিযানের বিষয়ে শহীদ আবু সাঈদ হলের সহকারী প্রভোস্ট আব্দুল্লাহ আল রিফাত বলেন, ‘গতকাল রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীদের মধ্যকার একটি সমস্যা সমাধানের জন্য আমরা হলে যাই। পরে সন্দেহজনক একটি কক্ষে অভিযান পরিচালনা করলে কয়েকজন শিক্ষার্থীকে মাদকাসক্ত অবস্থায় পাই। এ সময় ওই কক্ষ থেকে গাঁজা এবং মাদক সেবনের বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. সাইফুল ইসলাম বলেন, ‘মাদক ও র্যাগিংয়ের বিষয়গুলো আমরা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখি। আগামী রোববার (১২ জুলাই) স্টুডেন্ট ডিসিপ্লিন কমিটির সভায় আমরা এ বিষয়টি নিয়ে বসব এবং বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’

ডেস্ক রিপোর্ট