প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগেই ‘ফাঁস’ হওয়ার ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। এই কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৯ জুলাই) প্রাথমিক শিক্ষা দপ্তরের পরিচালক (প্রশাসন) মাহবুবা আইরিনের সই করা এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।
অফিস আদেশে বলা হয়েছে, গঠিত এই তদন্ত কমিটিতে অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মিরাজুল ইসলাম উকিলকে আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন—উপবৃত্তি বিভাগের শিক্ষা অফিসার জিয়াউল কবির সুমন (সদস্য) এবং প্রশাসন-২-এর সহকারী পরিচালক মোহাম্মদ রোখসানা হায়দার (সদস্যসচিব)।
আদেশে ঘটনার বিবরণ দিয়ে বলা হয়েছে, গত ৮ জুলাই প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফল চূড়ান্ত করা হয়। প্রস্তুতকৃত এই ফলাফল ওয়েবপোর্টালে আপলোড করতে প্রয়োজনীয় লিংক তৈরির জন্য অধিদপ্তরের সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. মেহতাব কায়েসকে দায়িত্ব দেওয়া হয়েছিল।
সেখানে আরও উল্লেখ করা হয়, যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের আগে তা ওয়েবপোর্টালে আপলোড না করার জন্য তাঁকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু ৯ জুলাই সকাল ১০টায় ঢাকা বিভাগের ৯টি জেলার ফল ওই লিংকসমূহে আপলোড করা হয়। অল্প সময়ের জন্য লিংকগুলো সচল থাকায় সাধারণ ব্যবহারকারীরা সেখান থেকে ফল ডাউনলোড করে নেন এবং পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ডেস্ক রিপোর্ট