ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে দেশটির পবিত্র শহর মাশহাদে সমাহিত করা হয়েছে। তাঁকে পবিত্র ইমাম রেজা (আ.)-এর মাজারে দাফন করা হয়েছে। এর মধ্য দিয়ে ইরান ও প্রতিবেশী ইরাকজুড়ে চলা ছয় দিনের রাষ্ট্রীয় শোকানুষ্ঠান শেষ হলো।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ জুলাই) মাশহাদের রাস্তাজুড়ে লাখ লাখ শোকাহত মানুষের ঢল নামে। খামেনির দাফনকে কেন্দ্র করে শহরের বিভিন্ন সড়কে মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, মাশহাদের ইমাম রেজা (আ.) মাজারে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়। এর আগে ইরানের রাজধানী তেহরান, কোমসহ একাধিক শহর এবং ইরাকের নাজাফ ও কারবালায় তাঁর মরদেহ নিয়ে বিশাল শোকযাত্রা ও ধর্মীয় আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে নিজ বাসভবনে ইসরায়েলি হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। ওই হামলায় তাঁর পরিবারের কয়েকজন সদস্যও প্রাণ হারান। এরপর গত কয়েক মাসে পরিবর্তিত পরিস্থিতির পর ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তাঁর ছেলে মোজতবা খামেনি।

ডেস্ক রিপোর্ট