আসন্ন এইচএসসি পরীক্ষায় কোনো পরীক্ষার্থীর কাছে বা কেন্দ্রে নকল পাওয়া গেলে শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকেও আইনের আওতায় আনা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। রাজধানীর একটি মতবিনিময় সভায় তিনি এই সতর্কবার্তা দেন।
বুধবার (২৪ জুন) রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে কেন্দ্র সচিবদের সঙ্গে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা জানান।
ঢাকা, ময়মনসিংহ, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের নিয়ে আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষ্যে এই গুরুত্বপূর্ণ সভার আয়োজন করা হয়।
বক্তব্যের এক পর্যায়ে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে পরীক্ষা কেন্দ্রে আগের মতো সরাসরি নকল করার প্রবণতা দেখা যায় না। তবে প্রযুক্তির ব্যবহারসহ নকল করার ধরনে এখন ব্যাপক পরিবর্তন এসেছে।
তিনি জানান, জালিয়াতির এই নতুন ধরনগুলো মোকাবিলা করতেই পুরোনো পরীক্ষা আইনটি পরিবর্তন করা হয়েছে। বর্তমান সময়ের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে সংসদে এই আইন সংশোধন করা হয়েছে বলে নিশ্চিত করেন মন্ত্রী।
পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিতে সরকারের অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, প্রশ্নফাঁস বা নকলের মতো অপরাধে এখন থেকে কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান, ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আক্তারুজ্জামান এবং সচিব অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার উপস্থিত ছিলেন।

ডেস্ক রিপোর্ট