আলোচিত টেলিভিশন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। রাজধানী ঢাকার বাংলামোটরের একটি রেস্তোরাঁয় আনন্দঘন পরিবেশে এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক।
শুক্রবার (৫ জুন) দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তাদের বিয়ের আয়োজন সম্পন্ন হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি পোস্ট করে বিয়ের বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন এই উপস্থাপিকা।
ফেসবুকে বিয়ের বেশ কিছু ছবি শেয়ার করে দীপ্তি চৌধুরী আবেগঘন একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লেখেন, “যাকে না পাওয়া ছিল জীবনের একমাত্র আফসোস, তাকেই জীবনসঙ্গী হিসেবে পেয়েছি। মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা।”
স্বামীর প্রতি ভালোবাসা প্রকাশ করে তিনি আরও লেখেন, “তিনি আমার দেখা সবচেয়ে নির্মল মানুষ। তার প্রতি ভালোবাসার সঙ্গে রয়েছে গভীর শ্রদ্ধা। চলো একসঙ্গে নতুন এই পথচলা শুরু করি।”
জানা গেছে, দীপ্তি চৌধুরীর স্বামী মুশতাক ইবনে আইয়ুব পেশায় একজন গবেষক ও শিক্ষক। তিনি যুক্তরাজ্যের বিখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।
বর্তমানে মুশতাক ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
উল্লেখ্য, বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের ‘টু দ্য পয়েন্ট’ এবং ‘স্ট্রেইট কাট’সহ বিভিন্ন টকশো ও অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে ব্যাপক পরিচিতি ও দর্শকপ্রিয়তা অর্জন করেন দীপ্তি চৌধুরী।

ডেস্ক রিপোর্ট