পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার এক মাসের মধ্যেই নিজের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। নতুন এই মন্ত্রিসভায় অভিজ্ঞ রাজনীতিকদের পাশাপাশি বেশ কিছু নতুন মুখও জায়গা পেয়েছেন।
সোমবার (১ জুন) বেলা ১১টায় কলকাতার লোকভবনে জমকালো এক আয়োজনের মাধ্যমে এই শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম এশিয়া পোস্ট।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে নতুন ৩৫ জন মন্ত্রীকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল আরএন রবি। জাতীয় গীত 'বন্দেমাতরম' এবং জাতীয় সংগীতের মাধ্যমে এই শপথ অনুষ্ঠান শুরু হয়।
নতুন করে শপথ নেওয়া এই ৩৫ জনের মধ্যে ১৩ জন পূর্ণমন্ত্রী, তিনজন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং ১৯ জন প্রতিমন্ত্রী রয়েছেন। এর আগে শপথ নেওয়া পাঁচজনসহ শুভেন্দু সরকারের মন্ত্রিসভার বর্তমান সদস্য সংখ্যা দাঁড়াল ৪১ জনে।
এদিন অনুষ্ঠানের শুরুতেই নতুন মন্ত্রীদের নাম ঘোষণা করেন মুখ্যসচিব মনোজ আগারওয়াল।
পূর্ণমন্ত্রী হিসেবে যারা শপথ নিয়েছেন তারা হলেন— দীপক বর্মণ, তাপস রায়, শঙ্কর ঘোষ, মনোজ কুমার ওরাওঁ, দুধকুমার মণ্ডল, অর্জুন সিং, গৌরী শঙ্কর ঘোষ, জগন্নাথ চ্যাটার্জি, স্বপন দাশগুপ্ত, কল্যাণ চক্রবর্তী, শারদ্বত মুখার্জি, অজয় পোদ্দার এবং অরূপ কুমার দাস।
এরপর স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে মালতি রাভা রায়, রাজেশ মাহাতো এবং ইন্দ্রনীল খাঁ শপথ গ্রহণ করেন।
সবশেষ প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন— জোয়েল মুর্মু, হরেকৃষ্ণ বেরা, আনন্দময় বর্মণ, অশোক দিন্দা, নাদিয়ার চাঁদ বাউরি, বিশাল লামা, শান্তনু প্রামাণিক, মৌমিতা বিশ্বাস মিশ্র, উমেশ রায়, পূর্ণিমা চক্রবর্তী, কৌশিক চৌধুরী, ভাস্কর ভট্টাচার্য, দিবাকর ঘরামী, অমিয় কিস্কু, কলিতা মাজি, গার্গী দাস ঘোষ, বিরাজ বিশ্বাস, দীপঙ্কর জানা এবং সুমনা সরকার।
তবে নতুন এই মন্ত্রীদের এখনও কোনো দপ্তর বণ্টন করা হয়নি। জানা গেছে, বিকেলে সচিবালয় নবান্নে মন্ত্রিসভার প্রথম বৈঠকেই কার কোন দপ্তর, সেটি চূড়ান্ত করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এর আগে গত ৯ মে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। তখন তার সঙ্গে দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু এবং অশোক কীর্তনিয়া মন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন এবং তাদের দপ্তরও এরই মধ্যে বণ্টন করা হয়েছে।

ডেস্ক রিপোর্ট