মঞ্চের আলো-ঝলমলে পরিবেশের বাইরের ব্যক্তিজীবন সাধারণত আড়ালেই রাখেন নগরবাউল খ্যাত রকস্টার জেমস। তবে এবার ভিন্ন রূপে দেখা গেল তাকে। দুই সংসারের সন্তানদের নিয়ে পারিবারিক আবহে দারুণ এক ঈদ উদযাপন করেছেন দেশের জনপ্রিয় এই ব্যান্ড তারকা।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জেমসের সাবেক স্ত্রী রথি কানিজ বেশ কয়েকটি ছবি প্রকাশ করলে বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর থেকেই প্রিয় শিল্পীর পারিবারিক এই বিরল মুহূর্ত নিয়ে ভক্তদের মাঝে ব্যাপক আগ্রহ দেখা গেছে।
রথি কানিজের শেয়ার করা একটি ছবিতে দেখা যায়, মেয়ে জান্নাত ও ছোট ছেলে জিবরানের সঙ্গে হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে আছেন জেমস। বাবা ও বড় বোনের পাশে জিবরানের উপস্থিতি নেটিজেনদের নজর কেড়েছে।
আরেকটি ছবিতে জান্নাত ও জিবরানের সঙ্গে জেমসের বর্তমান স্ত্রী নামিয়াকেও এক ফ্রেমে দেখা গেছে। প্রিয় তারকাকে এমন পারিবারিক পরিবেশে দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে নানাভাবে প্রশংসা ও ভালোবাসা জানাচ্ছেন অনুরাগীরা।
বড় মেয়ে জান্নাতের সঙ্গে জেমসের একটি আলাদা ছবিও প্রকাশ করেছেন রথি কানিজ। ওই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘জান্নাতের ঈদ ওর আব্বু আর ছোট ভাই জিবরানের সঙ্গে।’
প্রসঙ্গত, ১৯৯১ সালের ১৭ নভেম্বর রথি কানিজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেমস। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০০৩ সালে তাদের বিচ্ছেদ হয়। ওই সংসারে জান্নাত ও দানেশ নামে তাদের এক মেয়ে ও এক ছেলে রয়েছে।
পরবর্তীকালে ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এক কনসার্ট চলাকালে নামিয়ার সঙ্গে জেমসের পরিচয় হয়। সেই সূত্র ধরে ২০২৪ সালের ১২ জুন তারা বিয়ে করেন। গত বছরের (২০২৫ সালের) অক্টোবরে গণমাধ্যমের কাছে বিয়ের এই খবর নিশ্চিত করেছিলেন জেমসের ব্যক্তিগত সহকারী।

ডেস্ক রিপোর্ট