নির্বাচনকালীন দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী বর্তমান সরকার কাজ করছে। ‘বিএনপি যে ওয়াদা দেয়, ক্ষমতায় গেলে তা পূরণ করে’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৬ মে) চাঁদপুরে যাওয়ার পথে কুমিল্লার বরুড়ায় আয়োজিত এক পথসভায় এমন মন্তব্য করেছেন তিনি।
শনিবার সকালে রাজধানীর গুলশানের নিজ বাসভবন থেকে সড়কপথে চাঁদপুরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। পথে কুমিল্লার বরুড়ায় তাঁর আগমন ঘিরে সকাল থেকেই ব্যানার-ফেস্টুন হাতে জড়ো হতে থাকেন দলীয় নেতাকর্মীরা। একপর্যায়ে স্লোগানে স্লোগানে পুরো সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
প্রধানমন্ত্রীর আজকের সফরসূচিটি বেশ ঠাসা। বরুড়ার পথসভা শেষে দুপুর সাড়ে ১২টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ওয়ারুক বাজার এলাকায় ‘খোর্দ্দ খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। এরপর দুপুর পৌনে ২টায় সদর উপজেলার ঘোষের হাট সংলগ্ন ‘বিশ্ব খাল’ পুনঃখনন কার্যক্রমেরও আনুষ্ঠানিক সূচনা করবেন তিনি।
পরবর্তী সূচি অনুযায়ী, দুপুর আড়াইটায় চাঁদপুর সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতি নেবেন সরকারপ্রধান। এরপর বেলা সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন তিনি।
বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনের সব কর্মসূচি শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথেই তিনি পুনরায় ঢাকার উদ্দেশে রওনা হবেন।
উল্লেখ্য, সর্বশেষ ২০১২ সালে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চাঁদপুর সফর করেছিলেন। দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর দলের বর্তমান চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে এই জেলা সফর করছেন।

ডেস্ক রিপোর্ট