পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ঢাকা–ভাঙা এক্সপ্রেসওয়েতে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। এ সময় অন্তত ২০টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। নাওডোবা গোলচত্বরেও দুটি খাবারের দোকানে আগুন দেওয়া হয়।
রোববার (২৯ নভেম্বর) সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনের সমর্থনে শরীয়তপুরের জাজিরায় কয়েক হাজার নেতাকর্মী এক্সপ্রেসওয়ে অবরোধ করেন বলে স্থানীয় সূত্রের বরাতে জানিয়েছে এশিয়া পোস্ট। প্রতিবেদন অনুযায়ী, এক্সপ্রেসওয়েতে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
স্থানীয়দের ভাষ্য, বিকেনগর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা এক্সপ্রেসওয়ের দিকে এগিয়ে গেলে সেখানে আগে থেকে অবস্থান নেওয়া বিএনপির নেতাকর্মীরা তাঁদের বাধা দেওয়ার চেষ্টা করেন। এ সময় দুই পক্ষ পরস্পরকে ধাওয়া করে।
একের পর এক ককটেল বিস্ফোরণের পর বিএনপির নেতাকর্মীরা সরে যান বলে জানান স্থানীয়রা। তাঁরা গোলাগুলির কথাও জানিয়েছেন, তবে পুলিশের বক্তব্যে কেবল ককটেল বিস্ফোরণের উল্লেখ রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, বিএনপির নেতাকর্মীরা সরে যাওয়ার পর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাঁদের অবস্থানস্থলে ভাঙচুর করেন এবং অন্তত ২০টি মোটরসাইকেলে আগুন দেন। পরে নাওডোবা গোলচত্বরে ফুড এক্সপ্রেস নামের একটি রেস্তোরাঁ ও আরেকটি খাবারের হোটেলে আগুন দেওয়া হয়।
অবরোধ চলাকালে মাইকে থানা ও পদ্মা সেতুর টোল প্লাজায় হামলা বা ভাঙচুর থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকারিয়া রহমান জানান, সেতুতে যান চলাচল ব্যাহত করার আশঙ্কার কথা আগেই জেনেছিল পুলিশ। সে কারণে পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য সারা রাত দায়িত্বে ছিলেন।
জাকারিয়া রহমানের ভাষ্য, সকালে কয়েকজন ককটেল বিস্ফোরণ ঘটালে পুলিশ প্রাণহানি ছাড়াই তাঁদের প্রতিহত করে। তিনি জানান, পদ্মা সেতুতে প্রায় ৪৫ মিনিট যান চলাচল বন্ধ ছিল। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
