আওয়ামী লীগ সরকারের আমলে গুম ও শতাধিক মানুষ হত্যার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মামলায় আসামিপক্ষের যুক্তিতর্ক শুনবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
জাগো নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (২৯ নভেম্বর) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলের সামনে যুক্তি উপস্থাপনের কথা আসামির আইনজীবীদের।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক শেষ করে জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড চায়। এরপর মানবতাবিরোধী অপরাধের এই মামলায় আসামিপক্ষের বক্তব্য শোনার জন্য রোববার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
রাষ্ট্রপক্ষে যুক্তি তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এবং প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজি এমএইচ তামিম।
অ্যাটর্নি জেনারেল তাঁর বক্তব্যে জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা অভিযোগের ব্যাপকতা বোঝাতে ‘সমুদ্রসমান’ শব্দটি ব্যবহার করেন। প্রাণহানি ও স্বজনহারা পরিবারগুলোর দুর্ভোগের কথা তুলে ধরে তিনি যুক্তি দেন, একজন ব্যক্তিকে একবারের বেশি মৃত্যুদণ্ড কার্যকর করার সুযোগ নেই। এ কারণে তিনি ট্রাইব্যুনালের কাছে আইনে নির্ধারিত সর্বোচ্চ সাজা চান।
বৃহস্পতিবারের শুনানিতে আসামিপক্ষে ছিলেন আইনজীবী সাহিদুর রহমান ও নাজনীন নাহার। সাবেক চিফ প্রসিকিউটর মুহাম্মদ তাজুল ইসলামও উপস্থিত ছিলেন।
জিয়াউল আহসান এ মামলার একমাত্র আসামি। নিরাপত্তাজনিত কারণে তিনি ওই দিন ভার্চুয়ালি শুনানিতে যুক্ত হন।
