কলকাতার কসবায় নিজের বাড়িতে মেরিন ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে সেরেছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। পাহাড়ে হবে তাঁদের বিয়ের বাকি আনুষ্ঠানিকতা।
ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ে নিবন্ধন করেন মিমি ও সিদ্ধার্থ। টালিউডে মিমির ঘনিষ্ঠ কয়েকজনও অনুষ্ঠানে ছিলেন।
বিয়েতে মিমির সাবেকি সাজে প্রাধান্য পেয়েছিল সোনালি রং। সিদ্ধার্থ পরেছিলেন সাদা পায়জামা-পাঞ্জাবি।
অভিনেত্রী ত্রমিলা ভট্টাচার্য জানিয়েছেন, সিদ্ধার্থ তাঁর দেওর। বিয়ের সব প্রস্তুতি মিমি ও সিদ্ধার্থ দুজনে মিলেই নিয়েছেন।
কিছুদিন ধরে মিমির বিয়ে নিয়ে যে আলোচনা চলছিল, তা আরও জোর পায় সামাজিক যোগাযোগমাধ্যমে আমন্ত্রণপত্রটি ছড়িয়ে পড়ার পর। সেখানে মিমি ও সিদ্ধার্থের ছবির পাশাপাশি ছিল অভিনেত্রীর তিন পোষ্যের ছবিও।
পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে পাহাড়ে তিন দিনের আয়োজন শুরু হবে ৩ ডিসেম্বরের নৈশভোজ দিয়ে। ৪ ডিসেম্বর মেহেদি ও সংগীতানুষ্ঠান এবং ৫ ডিসেম্বর মালাবদল, সাতপাক ও সিঁদুরদানের কথা রয়েছে।
