সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জিজানে একটি তেল শোধনাগারে হামলায় এক নেপালি শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। শোধনাগারে আগুন লাগার পর কিছু কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়ের বরাতে সিএনএন এ খবর জানায়। মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, বাইরে থেকে ছোড়া একটি বস্তু শোধনাগারটিতে আঘাত করলে আগুন ধরে যায়।
ইয়েমেনে সৌদি আরবের হামলা জোরদারের মধ্যেই জিজানে এ ঘটনা ঘটল। এর আগের দিন বুধবার দেশটির পূর্বাঞ্চলে রাস তানুরা তেল শোধনাগারে হামলার দাবি করে ইরান-সমর্থিত হুতিরা।
হুতি নিয়ন্ত্রিত সশস্ত্র বাহিনীর দাবি, তাদের হামলায় রাস তানুরায় আগুন লাগে। বুধবারের স্যাটেলাইট চিত্রে উপকূলীয় ওই এলাকা থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়।
সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রাস তানুরার আকাশে চারটি ড্রোন ধ্বংস করা হয়েছে। সেগুলোর ধ্বংসাবশেষ মাটিতে পড়লেও সেখানে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
জাহাজ চলাচল খাতের একটি সূত্র বৃহস্পতিবার সিএনএনকে জানায়, হামলার পর রাস তানুরা টার্মিনালে জাহাজে তেল বোঝাই বন্ধ রাখা হয়। পরে এ কার্যক্রম চালু হয়েছিল কি না, তা জানা যায়নি।
সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগার রাস তানুরায় দিনে সাড়ে পাঁচ লাখ ব্যারেল তেল পরিশোধনের সক্ষমতা রয়েছে। শোধনাগারটি বিশ্বের অন্যতম বৃহৎ অপরিশোধিত তেল রপ্তানি টার্মিনালের অংশ।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শুরুর আগে রাস তানুরা ছিল সৌদি আরবের অপরিশোধিত তেল রপ্তানির প্রধান টার্মিনাল।
