জাতীয় দিবস উপলক্ষে ওমানে ৩৪৪ জন বন্দিকে রাজকীয় ক্ষমা দিয়েছেন সুলতান হাইথাম বিন তারিক। তাঁদের মধ্যে ওমানের নাগরিক ও বিভিন্ন দেশের প্রবাসী রয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে রয়্যাল ওমান পুলিশের বরাতে বলা হয়, বন্দিদের পরিবারের প্রতি সহমর্মিতা দেখাতে এবং জাতীয় দিবসের আনন্দ তাঁদের সঙ্গে ভাগ করে নিতে সুলতান এই সিদ্ধান্ত নিয়েছেন।
ওমানে জাতীয় দিবস ছাড়াও ঈদুল ফিতর, ঈদুল আজহা ও সুলতানের সিংহাসনে আরোহণের বার্ষিকীতে বন্দিদের ক্ষমা করার রীতি দীর্ঘদিনের। সাধারণত কারাগারে ভালো আচরণ করেছেন, এমন বন্দিরা এ সুযোগ পান।
এই উদ্যোগের উদ্দেশ্য বন্দিদের সমাজে ফিরে নতুন করে জীবন শুরু করার সুযোগ দেওয়া। বিদেশি বন্দিরাও রাজকীয় ক্ষমার আওতায় আসায় তাঁদের পরিবারেও স্বস্তি ফেরে।
এদিকে জাতীয় দিবস ঘিরে রাজধানী মাসকাটসহ ওমানের বিভিন্ন শহরের প্রধান সড়ক, সরকারি-বেসরকারি ভবন ও গুরুত্বপূর্ণ স্থাপনা সাজানো হয়েছে দেশটির পতাকার লাল, সাদা ও সবুজ রঙের আলোয়। দেশজুড়ে উদ্যাপনের আয়োজনে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী লোকনৃত্য।
