পুয়ের্তো রিকোর সান হুয়ানে নিজের দেশের দর্শকদের সামনে মিস ইউনিভার্সের মুকুট জিতেছেন জেনিফার বারেটো। তাঁর জয়ে ২০ বছর পর আবারও এই শিরোপা পেল পুয়ের্তো রিকো।
প্রতিযোগিতার চূড়ান্ত ফল অনুযায়ী, স্থানীয় সময় মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে ৭৫তম আসরের বিজয়ী ঘোষণা করা হয় বারেটোকে। ১১৬টি দেশ ও অঞ্চলের প্রতিনিধিদের এই আসরে তিনি মেক্সিকোর ফাতিমা বশের উত্তরসূরি হলেন।
প্রথম রানারআপ হয়েছেন ডোমিনিকান রিপাবলিকের মেলিসা নুনিয়েজ। তৃতীয় থেকে পঞ্চম স্থানে আছেন যথাক্রমে ভেনেজুয়েলার ক্লারা ভেগাস, ফিলিপাইনের বিয়া মিলান-উইন্ডরস্কি ও নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন।
বারেটোর মাথায় উঠেছে ‘দ্য রেডিয়েন্স অব ইটারনাল লিগ্যাসি’ মুকুট। ভেনেজুয়েলার গয়না নকশাকার জর্জ উইটেলসের তৈরি মুকুটটিতে বসানো হয়েছে ৩ হাজার ১৫০টি হীরা।
চূড়ান্ত প্রশ্নোত্তর পর্বে বারেটোর কাছে জানতে চাওয়া হয়েছিল, দৈনন্দিন জীবনে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার যত বাড়ছে, মানুষের কোন মূল্যবোধটি ধরে রাখা সবচেয়ে জরুরি? অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মারিও লোপেজ ও ২০২২ সালের মিস ইউনিভার্স আর’বনি গ্যাব্রিয়েল।
প্রথম র্যাম্প থেকে বিশ্বমঞ্চ
শৈশবে মায়ের পাশে বসে মিস ইউনিভার্স দেখতেন বারেটো। অথচ চলতি বছরের ফেব্রুয়ারির আগে কখনো র্যাম্পে হাঁটেননি তিনি। সংবাদমাধ্যম হোলাকে দেওয়া সাক্ষাৎকারে নিজের প্রথম র্যাম্পে হাঁটার কথা জানিয়েছিলেন বারেটো।
সৌন্দর্য প্রতিযোগিতায় পূর্ব অভিজ্ঞতা ছাড়াই মিস ইউনিভার্স পুয়ের্তো রিকোয় নাম লেখান তিনি। প্রথম র্যাম্পে হাঁটার মাত্র চার মাসের মাথায় সান সেবাস্তিয়ানের প্রতিনিধি হিসেবে কাগুয়াসের সেন্ট্রো দে বেয়াস আর্তেসে জাতীয় মুকুট জেতেন।
পুয়ের্তো রিকোর ন্যাশনাল ফাউন্ডেশন ফর পপুলার কালচারকে বারেটো জানিয়েছিলেন, নতুন কিছু করে দেখতে ভালোবাসেন তিনি। সেসব অভিজ্ঞতার মধ্য দিয়েই নিজের ছাপ রেখে যেতে চান।
জাতীয় শিরোপা জয়ের পর সংবাদমাধ্যম এল ভোসেরোকে বারেটো বলেছিলেন, ‘মিস ইউনিভার্স পুয়ের্তো রিকোতে যে নারী হিসেবে যাত্রা শুরু করেছিলাম, আমি এখন আর সেই নারী নই।’
স্বাগতিক প্রতিনিধি হিসেবে অন্য প্রতিযোগীদের স্বাগত জানানোর দায়িত্বও ছিল তাঁর। পুয়ের্তো রিকোর আতিথেয়তার সঙ্গে অতিথিদের পরিচয় করাতে তাঁদের রসুন দিয়ে তৈরি টোস্টোনেস খাওয়ানোর পরিকল্পনা ছিল বারেটোর। অনলাইনে ভক্তদের কাছে তিনি ‘লা বারেটো’ নামেই পরিচিত।
মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করতে চান বারেটো
বারেটো ও তাঁর স্বামী জ্যঁ কার্লোস বারেটোর সাত বছরের মেয়ের নাম পেনেলোপ। মিস ইউনিভার্স হিসেবে বারেটো মানসিক স্বাস্থ্যকে তাঁর কাজের কেন্দ্রে রাখতে চান। পাশাপাশি তিনি চান, মাতৃত্ব যেন কোনো নারীর এগিয়ে চলার পথে বাধা হয়ে না দাঁড়ায়।
মনোবিজ্ঞান ও ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে বারেটোর। মার্কিন সেনাবাহিনীতে প্রতিরোধবিষয়ক বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি পুয়ের্তো রিকোর পেডিয়াট্রিক ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের সঙ্গেও কাজ করেন।
পশ্চিম পুয়ের্তো রিকোয় বেড়ে ওঠা
মায়াগুয়েজে জন্ম বারেটোর। শৈশব কেটেছে ইসাবেলা, সান সেবাস্তিয়ান ও আগুয়াদিয়ায়। তাঁকে বড় করে তোলায় দাদার অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তিনি।
ভলিবল বারেটোর পছন্দের খেলা। আর সৌন্দর্য প্রতিযোগিতাকে তিনি দেখেন ‘নারীদের অলিম্পিক’ হিসেবে।
বারেটোর ভাষ্য অনুযায়ী, জাতীয় প্রতিযোগিতায় মুকুট জয়ের আগে তিনি ৭০ পাউন্ড ওজন কমিয়েছিলেন। প্রস্তুতির এই অংশটুকু আগেভাগে শেষ করতে চেয়েছিলেন, যাতে প্রতিযোগিতা চলাকালে পছন্দের টোস্টোনেস আর চকলেট খাওয়া নিয়ে ভাবতে না হয়।
জাতীয় পোশাক পর্বেও ছিল তাঁর দ্বীপের ছোঁয়া। বারেটোর পোশাকের নকশার অনুপ্রেরণা ছিল পুয়ের্তো রিকোর লজ্জাবতী গাছ ‘মরিভিভি’।
বারেটোর আগে পুয়ের্তো রিকোর হয়ে মিস ইউনিভার্স হয়েছেন মারিসল মালারেট (১৯৭০), ডেবোরা কার্থি-ডিউ (১৯৮৫), দিয়ানারা টোরেস (১৯৯৩), ডেনিস কুইনোনেস (২০০১) ও জুলেইকা রিভেরা (২০০৬)।
এই পাঁচজনের মধ্যে ডেনিস কুইনোনেসের জয়ের সঙ্গে বারেটোর বিশেষ মিল রয়েছে। ২০০১ সালে পুয়ের্তো রিকোর বায়ামনে মুকুট জিতেছিলেন ডেনিস। ২৫ বছর পর সান হুয়ানে একইভাবে স্বাগতিক দর্শকদের সামনে শিরোপা জিতলেন বারেটো।
