ইউক্রেনে যুদ্ধ শেষ হলেও রাশিয়া থেকে গ্যাস আমদানি পুরোপুরি বন্ধ করার পরিকল্পনায় অটল থাকবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। জোটের জ্বালানিবিষয়ক কমিশনার ড্যান জর্গেনসেন জানিয়েছেন, শান্তি আলোচনার ফল যা-ই হোক, এ সিদ্ধান্ত নেবে ইউরোপ নিজেই।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ইউরোনিউজে প্রকাশিত এক সাক্ষাৎকারে জর্গেনসেন এ অবস্থানের কথা জানান। তিনি বলেন, রাশিয়ার ওপর তাঁর আস্থা নেই এবং সিদ্ধান্তটি একান্তই তাঁর হাতে থাকলে তিনি দেশটি থেকে কোনো জ্বালানিই কিনতেন না।
ইউক্রেনে যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মস্কোর সঙ্গে আলোচনার পথ খোলা রেখেছে। শান্তিচুক্তি হলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে রাশিয়ার ফেরার সম্ভাবনা নিয়েও কথা উঠেছে।
জর্গেনসেন বলেন, ওয়াশিংটন ও মস্কো কোনো সমঝোতায় পৌঁছালেও তাতে ইইউর আইন বদলাবে না। ইউরোপীয় কমিশন, ইউরোপীয় পার্লামেন্ট ও ইইউ কাউন্সিলের নিজস্ব প্রক্রিয়ায় জোটের আইন তৈরি হয়।
রুশ গ্যাস আমদানি স্থায়ীভাবে বন্ধ করতে ইইউ আইন করেছে। জর্গেনসেনের ব্যাখ্যায়, নিষেধাজ্ঞা বহাল রাখতে প্রতি ছয় মাসে তা নবায়ন করতে হয়। যুদ্ধ শেষ হলে নিষেধাজ্ঞা উঠে যেতে পারে, কিন্তু তাতে গ্যাস আমদানি বন্ধের আইনটির কার্যকারিতা শেষ হবে না।
ইইউর হিসাবে, জোটের গ্যাস আমদানিতে রাশিয়ার অংশ একসময় ছিল ৪৫ শতাংশ, যা এখন প্রায় ১০ শতাংশে নেমেছে। ২০২৭ সালে রাশিয়া থেকে গ্যাস আমদানি পুরোপুরি বন্ধ করার লক্ষ্য রয়েছে জোটটির।
সূত্র: ইউরোনিউজ
