গাজীপুরে ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি প্রত্যাখ্যান করে ঢাকা–টাঙ্গাইল ও ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকেরা। টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের সড়ক থেকে সরিয়ে দেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
বুধবার (২৫ নভেম্বর) সকালে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের নাওজোড়ে শ্রমিকেরা সড়কে অবস্থান নিলে যান চলাচল ব্যাহত হয় বলে জানিয়েছে বার্তা বাজার। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে গিয়ে অবরোধকারীদের সরিয়ে দেন।
ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ হয় চান্দনা চৌরাস্তা ও আনসার রোড এলাকায়। এই দুই স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়লে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে আইনশৃঙ্খলা বাহিনী।
বার্তা বাজারের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে দীর্ঘ বৈঠকের পর পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নিম্নতম মজুরি বোর্ডে ভোটাভুটি হয়। শ্রমিকপক্ষের প্রতিনিধিরা ১৮ হাজার টাকা প্রস্তাব করেছিলেন।
বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকার পক্ষে ভোট দেন। বাকি দুজন ১৮ হাজার টাকার প্রস্তাব সমর্থন করায় সংখ্যাগরিষ্ঠের ভোটে ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা চূড়ান্ত হয়।
নতুন কাঠামোয় চতুর্থ গ্রেডের মজুরি ১৭ হাজার টাকা ও তৃতীয় গ্রেডের মজুরি ১৯ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয় গ্রেডে মজুরি ২০ হাজার টাকা এবং প্রথম গ্রেডে ২১ হাজার ৫০০ টাকা।
আগামী ১ ডিসেম্বর থেকে এই মজুরিকাঠামো কার্যকর হওয়ার কথা রয়েছে।
