দেশ ছেড়ে যাওয়ার চেষ্টাকালে ঢাকার অন্যতম শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত শেখ মোহাম্মদ আসলাম ওরফে সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (২৩ নভেম্বর) সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আসলামকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে হত্যা-সহ একাধিক মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে যান সুইডেন আসলাম। ইমিগ্রেশন কার্যক্রমের সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
