টিকটকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে ভিডিও প্রকাশের অভিযোগ উঠেছে ঝর্ণা আক্তার (৩৫) নামে এক নারীর বিরুদ্ধে। চুয়াডাঙ্গা সদর উপজেলায় স্থানীয়দের হাতে আটক হওয়ার পর পুলিশ পৌঁছানোর আগেই জানালা ভেঙে পালিয়ে যান তিনি।
শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে সদর উপজেলার হাসানহাটি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত নারীকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, ঝর্ণা আক্তার নিয়মিত টিকটক ভিডিও তৈরি করেন। সম্প্রতি তাঁর অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যসংবলিত একটি ভিডিও প্রকাশ করা হয়।
ভিডিওটি স্থানীয়দের নজরে আসার পর এলাকায় সমালোচনা শুরু হয়। একপর্যায়ে স্থানীয় লোকজন তাঁর বাড়িতে গিয়ে তাঁকে একটি কক্ষে আটকে রাখেন এবং পুলিশকে খবর দেন।
তবে পুলিশ আসার খবর পেয়ে ঘরের পেছনের জানালা ভেঙে সেখান দিয়ে পালিয়ে যান ঝর্ণা আক্তার। তিনি একই গ্রামের কাদির হোসেনের স্ত্রী। তাঁর বাবার বাড়ি বরিশালে।
ঝর্ণার স্বামী কাদির হোসেন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে তাঁর স্ত্রীর এ ধরনের ভিডিও তৈরি করে আপত্তিকর মন্তব্য করা ঠিক হয়নি।
চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম জানান, শনিবার সকালে দলীয় নেতাকর্মীদের নজরে আসে ভিডিওটি। পরে স্থানীয় নেতাকর্মীরা ওই নারীকে একটি কক্ষে আটকে রেখে পুলিশে খবর দেন। তবে পুলিশ পৌঁছানোর আগেই তিনি পালিয়ে যান।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে ওই নারীর কটূক্তিমূলক টিকটক ভিডিও প্রকাশের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তিনি পালিয়ে যান।
তাঁকে আটকের জন্য পুলিশ কাজ করছে বলেও জানান ওসি।
