কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে শতাধিক আইইডি বোমা, বিপুল বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে বিজিবি।
রোববার (২২ নভেম্বর) সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।
অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং ২৫৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আটক দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি বিজিবি।
বিজিবির প্রাথমিক ধারণা, উদ্ধার হওয়া আইইডি বোমা ও বিস্ফোরক তৈরির সরঞ্জামগুলো সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফে এ অভিযান পরিচালনা করা হয়। একটি চক্র মিয়ানমার থেকে এসব বিস্ফোরক ও অস্ত্রশস্ত্র সংগ্রহ করে থাকতে পারে বলে ধারণা করছে সংশ্লিষ্টরা।
এ ঘটনায় বিস্তারিত তথ্য জানাতে রোববার সকাল ১১টায় সংবাদ সম্মেলনের আয়োজন করার কথা জানিয়েছে বিজিবি।
