রাজশাহীর আদালত চত্বরে ইয়ামিন আলী নামের এক আইনজীবীকে ইট, বাঁশ ও লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে আহত করেছেন প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় চারজনকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে আদালত প্রাঙ্গণে এ হামলার ঘটনা ঘটে। পরে আইনজীবীরা অভিযুক্ত চারজনকে আটকে রেখে পুলিশের হাতে তুলে দেন।
আহত ইয়ামিন আলীর বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার আলোকছত্র গ্রামে। জমিসংক্রান্ত বিরোধের একটি মামলায় তিনি বাদী। রোববার ওই মামলার শুনানির দিন ধার্য ছিল।
হামলাকারীরা ওই মামলার আসামিপক্ষের লোক বলে জানা গেছে। আটক ব্যক্তিরা হলেন মেহেদী হাসান, মো. নিয়াজ, মো. হাসানুল ও আব্দুল খালেক।
জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী রইসুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলা করার কারণে এর আগেও একবার আদালত চত্বরে ইয়ামিন আলীকে মারধর করেছিলেন অভিযুক্ত ব্যক্তিরা।
রইসুল ইসলাম আরও বলেন, আগের হামলার ঘটনায় মামলা হলেও পুলিশ যথাযথ তদন্ত না করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছিল। ওই ঘটনার বিচার না হওয়ায় আবারও হামলার ঘটনা ঘটেছে বলে তিনি মনে করেন।
রাজশাহী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক পারভেজ তৌফিক জাহেদী জানান, আদালতের কার্যক্রম শেষে ইয়ামিন আলী রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) কার্যালয়ের সামনে একটি ক্যানটিনের কাছে দাঁড়িয়ে ছিলেন।
এ সময় প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর হামলা চালান। এতে তিনি রক্তাক্ত হন। পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পারভেজ তৌফিক জাহেদী আরও জানান, হামলায় জড়িত সন্দেহে আটক চারজনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
নগরের রাজপাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু জাফর বলেন, হামলার ঘটনায় চারজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। আইনজীবী সমিতির পক্ষ থেকে এ ঘটনায় মামলা করার কথা রয়েছে। মামলা হলে তাঁদের গ্রেপ্তার দেখানো হবে।
