রমজান শুরু হতে এখনো তিন মাস বাকি। এর মধ্যেই দেশের বাজারে বাড়তে শুরু করেছে ছোলার দাম। আন্তর্জাতিক বাজারে উৎপাদন কমে যাওয়া ও আমদানি ব্যয় বৃদ্ধির কারণে সামনে দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
রাজধানীর খুচরা বাজারে বর্তমানে প্রতি কেজি ভালো মানের ছোলা বিক্রি হচ্ছে ১১০ থেকে ১১৫ টাকায়। দুই সপ্তাহ আগেও একই মানের ছোলার দাম ছিল ১০০ থেকে ১০৫ টাকা।
খুচরা বিক্রেতাদের ভাষ্য, দুই সপ্তাহের ব্যবধানে ছোলার দাম কেজিতে প্রায় ১০ টাকা বেড়েছে। তাঁদের অভিযোগ, কিছু ব্যবসায়ী পণ্য মজুদ করে দাম বাড়াচ্ছেন। পাশাপাশি আমদানিকারকদের কাছ থেকেও বেশি দামে ছোলা কিনতে হচ্ছে।
বিশ্বের অন্যতম শীর্ষ ছোলা রপ্তানিকারক দেশ অস্ট্রেলিয়া। বাংলাদেশে সারা বছর, বিশেষ করে রমজানে যে পরিমাণ ছোলা আমদানি করা হয়, তার বড় একটি অংশ আসে দেশটি থেকে।
ব্যবসায়ীদের দাবি, গত কয়েক বছরের তুলনায় এবার অস্ট্রেলিয়ায় ছোলার উৎপাদন প্রায় অর্ধেকে নেমে এসেছে। উৎপাদন কমে যাওয়া, জ্বালানির মূল্যবৃদ্ধিসহ বিভিন্ন কারণে আন্তর্জাতিক বাজারেও পণ্যটির দাম বেড়েছে।
আমদানিকারকদের দেওয়া তথ্য অনুযায়ী, সম্প্রতি আমদানি করা প্রতি মণ ছোলার দাম পড়ছে ৩ হাজার ৮০০ থেকে ৩ হাজার ৯০০ টাকা। গত রমজানে একই পরিমাণ ছোলার দাম ছিল ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৬০০ টাকা।
পাইকারি ব্যবসায়ীরা বলছেন, গত বছরের তুলনায় এবার অস্ট্রেলিয়ায় ছোলার দাম প্রতি টনে প্রায় ৩০০ ডলার বেড়েছে। আন্তর্জাতিক বাজারে সরবরাহ কম থাকায় আমদানি করা পণ্যের খরচও বাড়ছে।
চট্টগ্রামের খাতুনগঞ্জের আমদানিকারকদের আশঙ্কা, আন্তর্জাতিক বাজারে উচ্চমূল্যের কারণে এ বছর দেশে ছোলার দাম কমার সম্ভাবনা নেই। বরং সামনের দিনগুলোতে দাম আরও বাড়তে পারে।
আমদানিকারকদের মতে, জ্বালানি তেল ও ডলারের দাম বৃদ্ধি এবং বিভিন্ন দেশ থেকে পণ্য সংগ্রহের কারণে আমদানি ব্যয় বেড়েছে। তাঁদের হিসাবে, গত বছরের তুলনায় এবার ছোলার দাম ৪০ থেকে ৪৫ শতাংশ পর্যন্ত বেশি থাকতে পারে।
অন্যদিকে, বাড়তি আমদানি ব্যয় ও লোকসানের আশঙ্কায় ঢাকার অনেক আমদানিকারক ছোলা আমদানি বন্ধ রেখেছেন। তাঁদের মতে, বর্তমান বাজার পরিস্থিতিতে আমদানি করে প্রত্যাশিত মুনাফা পাওয়া কঠিন হয়ে পড়েছে।
বাংলাদেশ ডাল ব্যবসায়ী সমিতির সিনিয়র সহসভাপতি মো. নেসার উদ্দিন খান বলেন, ৫০ বা ১০০ টন ছোলা আমদানি করে বর্তমানে ব্যবসায়ীদের পোষাচ্ছে না। জাহাজভাড়া ও অন্যান্য খরচ বেশি হওয়ায় বিনিয়োগের তুলনায় লাভ কম হচ্ছে।
তিনি আরও বলেন, লোকসান সামাল দিতে না পারার কারণেই অনেক আমদানিকারক ছোলা আমদানি বন্ধ করে দিয়েছেন।
এ পরিস্থিতিতে আসন্ন রমজানে ছোলার বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে পণ্যটি আমদানির পরামর্শ দিয়েছেন ব্যবসায়ীরা।
