কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও দলটির কাছে তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে শনিবার (১৪ নভেম্বর) রাতে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট ও পাঁচলাইশ থানা পুলিশের সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন।
জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে। আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী পাঁচলাইশ থানায় মামলাটি করেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর মামলাটি নথিভুক্ত করা হয়।
পুলিশ সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জাহাঙ্গীর আলম ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বিসিএস পুলিশ ক্যাডারের ২৮তম ব্যাচের কর্মকর্তা জাহাঙ্গীর আলম ২০১০ সালের ১ ডিসেম্বর পুলিশে যোগ দেন।
