ভাগ্য বদলের আশায় বৈধভাবে মালয়েশিয়ায় গিয়ে পাসপোর্ট হারানোর পর পরিচয়সংকটে পড়েন কুড়িগ্রামের মোহাম্মদ শাহ জামাল। এরপর তাঁকে মিয়ানমারের নাগরিক হিসেবে নথিভুক্ত করে বন্দিশালায় পাঠানো হয়। প্রায় ১১ বছর ধরে তাঁর ফেরার অপেক্ষায় দিন কাটছে পরিবারের।
শাহ জামালের বাড়ি কুড়িগ্রামের রৌমারী উপজেলার চর শৌলমারী ইউনিয়নের সুখের বাতি গ্রামে। পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে ২০১৬ সালের মার্চে বিএমইটি ছাড়পত্র নিয়ে ‘দ্য উইনার ইন্টারন্যাশনাল’ নামের একটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বৈধভাবে মালয়েশিয়ায় যান তিনি।
কিন্তু দেশটিতে পৌঁছানোর মাত্র তিন দিনের মাথায় ছিনতাইকারীদের কবলে পড়ে পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র হারান শাহ জামাল। কিছুদিন পর মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশের অভিযানে আটক হন তিনি।
প্রয়োজনীয় নথি না থাকা এবং ভাষাগত জটিলতার কারণে মালয়েশিয়ার কর্তৃপক্ষ তাঁকে বাংলাদেশি নাগরিকের পরিবর্তে মিয়ানমারের নাগরিক হিসেবে নথিভুক্ত করে বলে পরিবারের অভিযোগ। ২০১৬ সালের আগস্টে তাঁকে পেরাক রাজ্যের লাংকাপ ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে পাঠানো হয়। এরপর থেকে পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।
শাহ জামাল যখন মালয়েশিয়ায় যান, তখন তাঁর স্ত্রী ছিলেন অন্তঃসত্ত্বা। বাবাকে দেখার আগেই বড় হচ্ছে সেই সন্তান। এখন তার বয়স ১০ পেরিয়ে ১১ বছরে পড়েছে। বাবার ফেরার অপেক্ষায় রয়েছে সে।
এদিকে নদীভাঙনে বসতভিটা হারিয়ে দুই সন্তানকে নিয়ে আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন শাহ জামালের স্ত্রী। ছেলের শোকে তিন বছর আগে মারা গেছেন তাঁর বাবা। অসুস্থ মা এখনো ছেলেকে একবার দেখার আশায় দিন গুনছেন।
দীর্ঘ অপেক্ষার পর সম্প্রতি বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়ার মাধ্যমে শাহ জামালের বন্দি থাকার নথিপত্র হাতে পেয়েছে তাঁর পরিবার। তাঁকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিতে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে লিখিত আবেদনও করা হয়েছে।
এ বিষয়ে কুয়ালালামপুরে বাংলাদেশের হাইকমিশনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
শুধু পাসপোর্ট ও পরিচয়সংক্রান্ত কাগজপত্র হারানোর কারণে একজন বাংলাদেশি কর্মীকে অন্য দেশের নাগরিক হিসেবে দীর্ঘদিন বন্দিশালায় থাকতে হচ্ছে—এমন পরিস্থিতিতে দ্রুত কূটনৈতিক উদ্যোগের প্রত্যাশা করছে পরিবারটি। শাহ জামালকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ হাইকমিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চেয়েছেন স্বজনেরা।

আরিজ উলফি মিথুন