তুরস্কে চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর পূর্ণাঙ্গ অধিবেশনে আজ বৃহস্পতিবার বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনস্থলে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন তিনি।
তিন দিনের তুরস্ক সফরের দ্বিতীয় দিন বৃহস্পতিবার সকালে সম্মেলনস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় ওআইসির মহাসচিব, মলদোভার প্রধানমন্ত্রী এবং পাকিস্তান, সিরিয়া ও ইরানের প্রেসিডেন্টসহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে তাঁর সাক্ষাৎ ও কুশল বিনিময় হয়।
এদিকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির বলেন, চীন, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে অর্থনৈতিক করিডোর গড়ে তোলার আগে রোহিঙ্গা সংকটের সমাধান জরুরি।
রোহিঙ্গা ইস্যুতে আলোচনার কথা জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে বিভিন্ন সম্ভাবনা যাচাই করতে চায় বাংলাদেশ। সংকটের গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করে ইতিবাচক পরিণতির দিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় অংশীদারদের সহযোগিতা প্রত্যাশা করছে ঢাকা।
অন্যদিকে, প্রধানমন্ত্রীর জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী সাইমুম পারভেজ জানিয়েছেন, কপ-৩১ সম্মেলনে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ।
তিনি আরও বলেন, পাটসহ বিভিন্ন পচনশীল পণ্য আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে সম্মেলনস্থলে বাংলাদেশের একটি স্টল বা প্যাভিলিয়ন স্থাপন করা হয়েছে। আগের দিনের বৈঠকেও বিষয়টি তুলে ধরা হলে সংশ্লিষ্ট পক্ষ থেকে প্রশংসা পাওয়া গেছে বলে জানান তিনি।
সফরে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক বৈঠকের পাশাপাশি বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনাতেও অংশ নিচ্ছেন। এসব যোগাযোগের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সংশ্লিষ্ট দেশগুলোর কূটনৈতিক, বাণিজ্যিক ও সামরিক সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়েও আলোচনা হচ্ছে।
