বুধবার, ১১ নভেম্বর ২০২৬ , ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠিকাদারের উপহারকে ঘুষের বৈধতা দেওয়ার চেষ্টা, প্রতিমন্ত্রীর বক্তব্যের ব্যাখ্যা চায় টিআইবি উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থান সৃষ্টিতে জাবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগের বিশেষ সেমিনার অনুষ্ঠিত সাজেকে দীর্ঘদিন পর বসেছে সাপ্তাহিক হাট, সড়ক অবরোধ নিয়ে উত্তেজনা নেতানিয়াহুর ঐক্যের আহ্বানকে ‘লজ্জাজনক’ বললেন আইজেনকোট ভাইরাল ভিডিওতে অস্ত্র দেখিয়ে হুমকি, চট্টগ্রামে ‘বুলেট’ গ্রেফতার এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক, প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর আলোচনা পাবনায় গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ জুলাই যোদ্ধার স্বীকৃতি পেতে আবেদন করতে পারবেন আহতরা ফরিদপুরে বাসে আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু দণ্ডিত শেখ হাসিনাকে বন্দি প্রত্যর্পণ আইনেই ফিরিয়ে আনা হবে: তথ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্রে অভিবাসী পাচারের দায় স্বীকার করলেন বাংলাদেশি সাইফুল স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এনসিপির কমিটি, কোন বিভাগে দায়িত্ব পেলেন কারা এবার মোবাইল কোর্টের প্রতিটি অভিযান হবে ভিডিও, প্রতি জেলায় গঠন হচ্ছে মিডিয়া সেল . ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসার লাইব্রেরিতে আগুন, হাসপাতালে ৬৩ শিক্ষার্থী কারিগরি ত্রুটি সারিয়ে আরটিজিএস লেনদেন স্বাভাবিক করল বাংলাদেশ ব্যাংক পাবনার চাটমোহরে সার লুট, ফেরত চেয়ে প্রশাসনের মাইকিং শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের খবর বিভ্রান্তিকর: প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব ১০ খেলায় ১০-১৪ বছরের শিশুদের নিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন, মজুরি বোর্ডে প্রস্তাব

ঠিকাদারের উপহারকে ঘুষের বৈধতা দেওয়ার চেষ্টা, প্রতিমন্ত্রীর বক্তব্যের ব্যাখ্যা চায় টিআইবি

  • আপলোড সময় : ১১-১১-২০২৬ ০৯:৪৩:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১১-২০২৬ ০৯:৪৩:০০ অপরাহ্ন
ঠিকাদারের উপহারকে ঘুষের বৈধতা দেওয়ার চেষ্টা, প্রতিমন্ত্রীর বক্তব্যের ব্যাখ্যা চায় টিআইবি

ঠিকাদারের কাছ থেকে উপহার গ্রহণের বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর বক্তব্যকে ঘুষ ও দুর্নীতিকে বৈধতা দেওয়ার প্রচেষ্টা হিসেবে দেখছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এ বক্তব্য প্রত্যাহারের পাশাপাশি সরকারের আনুষ্ঠানিক ব্যাখ্যা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিতের দাবি জানিয়েছে সংস্থাটি।
 

বুধবার (১১ নভেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিমন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা ও ক্ষোভ জানায় টিআইবি।
 

সংস্থাটির বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ নভেম্বর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মন্তব্য করেন, কাজের মান ঠিক রেখে দ্রুত বিল পরিশোধের পর ঠিকাদারের মুনাফা থেকে প্রকৌশলীকে দেওয়া উপহার ঘুষ নয়। এ ধরনের উপহার গ্রহণ করা যেতে পারে বলেও তিনি মত দেন।
 

টিআইবির প্রশ্ন, সরকারি দায়িত্ব পালনের বিনিময়ে ঠিকাদারের কাছ থেকে উপহার নেওয়ার পরামর্শ দিয়ে প্রতিমন্ত্রী কার্যত ঘুষ লেনদেনকে উৎসাহিত করছেন কি না। সংস্থাটি অবিলম্বে তাঁর বক্তব্য প্রত্যাহার এবং এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়েছে।
 

উপহারের নামে ব্যক্তিগত সুবিধা নেওয়ার সুযোগ নেই

 

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সরকারি প্রকৌশলীদের কাজের মান যাচাই, কাজ বুঝে নেওয়া এবং নিয়ম মেনে বিল পরিশোধ করা তাঁদের নিয়মিত দায়িত্বের অংশ। এসব দায়িত্ব পালনের জন্যই তাঁরা জনগণের অর্থে বেতন-ভাতা পান।
 

তাঁর প্রশ্ন, দায়িত্ব পালনের বিনিময়ে ঠিকাদারের কাছ থেকে উপহারের নামে অতিরিক্ত অর্থ বা ব্যক্তিগত সুবিধা নেওয়ার প্রয়োজন কেন হবে? এ ধরনের পরামর্শ সরকারি ক্রয়ে অনিয়ম প্রতিরোধের দায়িত্বে থাকা কর্মকর্তাদের মধ্যে বিধিবহির্ভূত সুবিধা গ্রহণের প্রবণতা তৈরি করতে পারে।
 

ইফতেখারুজ্জামান আরও বলেন, প্রতিমন্ত্রীর এমন বক্তব্য মাঠপর্যায়ে ঠিকাদারদের কাছ থেকে ঘুষ দাবি করার প্রবণতাকে বৈধতা দিতে পারে। এতে সরকারি ক্রয় ও উন্নয়নকাজে দুর্নীতির বিস্তার ঘটার আশঙ্কা রয়েছে।
 

তিনি উল্লেখ করেন, সরকারি কর্মকর্তাদের নিয়মিত দায়িত্ব পালনের পুরস্কার হিসেবে ঠিকাদারের মুনাফা থেকে ব্যক্তিগত সুবিধা নেওয়ার সুযোগ কোন আইন বা বিধিতে রয়েছে, তা প্রতিমন্ত্রীকে জনসমক্ষে ব্যাখ্যা করতে হবে।
 

বিভিন্ন আইনে শাস্তির বিধানের কথা উল্লেখ

 

টিআইবির নির্বাহী পরিচালক তাঁর বক্তব্যে দণ্ডবিধির ১৬১ ও ১৬৫ ধারার প্রসঙ্গ তুলে ধরেন। তাঁর মতে, সরকারি দায়িত্ব পালনের বিনিময়ে বৈধ পারিশ্রমিকের বাইরে সুবিধা গ্রহণ এবং দাপ্তরিক কাজের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে বিনা প্রতিদানে বা অপর্যাপ্ত প্রতিদানে মূল্যবান বস্তু নেওয়ার ক্ষেত্রে এসব ধারায় শাস্তির বিধান রয়েছে।
 

এ ছাড়া সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর ৫(১) বিধি অনুযায়ী, নির্ধারিত ব্যতিক্রম ছাড়া দাপ্তরিক বাধ্যবাধকতা তৈরি করতে পারে এমন উপহার গ্রহণে সরকারের পূর্বানুমতি প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।
 

একই বিধিমালার ৫(৪) বিধিতে সচিব বা সমমর্যাদার কর্মকর্তাদের নির্দিষ্ট উৎস থেকে পাওয়া উপহারের মূল্যসীমা ৫০০ টাকা উল্লেখ রয়েছে। অন্যদিকে, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫-এর তফসিল ২০-এর ৬(২) অনুচ্ছেদে প্রতিষ্ঠানের লোগোযুক্ত ডায়েরি, ক্যালেন্ডার ও কলমের মতো সামগ্রী দেওয়ার ক্ষেত্রে প্রতিটির সর্বোচ্চ মূল্য ৫ হাজার টাকা নির্ধারণের কথা বলা হয়েছে।
 

ইফতেখারুজ্জামানের বক্তব্য, এসব সীমিত বিধানের কোনোটিই দাপ্তরিক দায়িত্ব পালনের পুরস্কার হিসেবে ঠিকাদারের মুনাফা থেকে ব্যক্তিগত সুবিধা গ্রহণের অনুমতি দেয় না।
 

স্বার্থের সংঘাত ও দুর্নীতি বাড়ার আশঙ্কা

 

ঠিকাদারের কাছ থেকে ব্যক্তিগত সুবিধা গ্রহণ করলে প্রকৌশলীদের নিরপেক্ষতা প্রশ্নের মুখে পড়তে পারে বলে মনে করে টিআইবি। সংস্থাটির আশঙ্কা, এ ধরনের লেনদেন কাজ তদারকি, বিল প্রত্যয়ন এবং সরকারি সিদ্ধান্ত গ্রহণকে প্রভাবিত করতে পারে।
 

এতে অন্য ঠিকাদারদের সমান সুযোগ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি প্রকৌশলী ও ঠিকাদারদের মধ্যে যোগসাজশের মাধ্যমে দুর্নীতি বাড়তে পারে। একপর্যায়ে সরকারি বিভিন্ন দপ্তরে এমন চর্চা ছড়িয়ে পড়ার ঝুঁকিও রয়েছে বলে মন্তব্য করেন ইফতেখারুজ্জামান।
 

তিনি সতর্ক করে বলেন, স্বেচ্ছায় উপহার দেওয়ার কথা বলা হলেও ভবিষ্যতে তা নাগরিকদের প্রাপ্য সরকারি সেবা পাওয়ার ক্ষেত্রে ঘুষ আদায়ের নিয়মিত চর্চায় পরিণত হতে পারে।
 

সিনিয়র সচিবের পরামর্শ নিয়েও প্রশ্ন

 

প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে একজন সিনিয়র সচিবের পরামর্শের কথা উল্লেখ করেছেন বলে জানায় টিআইবি। এ প্রসঙ্গে ইফতেখারুজ্জামান বলেন, ওই সিনিয়র সচিব সত্যিই এমন পরামর্শ দিয়ে থাকলে তাঁর পেশাগত সততা ও পদে বহাল থাকার নৈতিক যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে।
 

এ ধরনের পরামর্শের মাধ্যমে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কোনো প্রচেষ্টা চলছে কি না, তা খতিয়ে দেখার প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। তাঁর মতে, প্রতিমন্ত্রীর বক্তব্য সরকারের নির্বাচনী ইশতেহারের সঙ্গেও সাংঘর্ষিক।
 

এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর চাঁদাবাজিকে ‘সমঝোতার লেনদেন’ হিসেবে উল্লেখ করার বক্তব্যের প্রসঙ্গও টানেন টিআইবির নির্বাহী পরিচালক। সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের এমন বক্তব্য দুর্নীতিবিরোধী অবস্থানের জন্য উদ্বেগজনক বলে মন্তব্য করেন তিনি।
 

সবশেষে ঠিকাদারের উপহার নিয়ে দেওয়া বক্তব্যের জন্য প্রতিমন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চেয়ে তা নিঃশর্তভাবে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে টিআইবি। পাশাপাশি প্রতিমন্ত্রীর কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা চাওয়া, তাঁর বক্তব্যে উল্লেখ করা সিনিয়র সচিবের পরামর্শের সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংস্থাটি।
 


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
ঠিকাদারের উপহারকে ঘুষের বৈধতা দেওয়ার চেষ্টা, প্রতিমন্ত্রীর বক্তব্যের ব্যাখ্যা চায় টিআইবি

ঠিকাদারের উপহারকে ঘুষের বৈধতা দেওয়ার চেষ্টা, প্রতিমন্ত্রীর বক্তব্যের ব্যাখ্যা চায় টিআইবি