বাংলাদেশ ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেমে কারিগরি ত্রুটির কারণে সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়া রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) লেনদেন আবার চালু হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টা ৫৬ মিনিটে আরটিজিএস সেবা বন্ধ থাকার কথা জানায় বাংলাদেশ ব্যাংক। এর ছয় মিনিট পর, সকাল ১১টা ২ মিনিটে কেন্দ্রীয় ব্যাংক জানায়, কারিগরি ত্রুটি সমাধানের পর লেনদেন স্বাভাবিক হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ঠিক কতক্ষণ আরটিজিএস লেনদেন বন্ধ ছিল, সে বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।
আরটিজিএসের পূর্ণরূপ রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট। বাংলাদেশ ব্যাংক পরিচালিত এই ব্যবস্থার মাধ্যমে একটি ব্যাংক থেকে অন্য ব্যাংকে তাৎক্ষণিকভাবে অর্থ স্থানান্তর ও নিষ্পত্তি করা যায়।
সাধারণত বড় অঙ্কের ব্যবসায়িক লেনদেন, ঋণ পরিশোধ এবং আমদানি-রপ্তানিসহ গুরুত্বপূর্ণ আর্থিক কার্যক্রমে এই সেবা ব্যবহার করা হয়। এতে প্রতিটি লেনদেন আলাদাভাবে তাৎক্ষণিক ভিত্তিতে নিষ্পত্তি হয়।

ডেস্ক রিপোর্ট