দেশের শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা খুঁজে বের করতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ নামে দেশব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের নিয়ে ইউনিয়ন পর্যায় থেকে ১০টি খেলায় এ প্রতিযোগিতা আয়োজন করা হবে।
সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদে সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলীর এক প্রশ্নের লিখিত জবাবে এ তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তরুণদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি মাদকাসক্তি ও কিশোর গ্যাংয়ের ঝুঁকি কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
প্রতিযোগিতায় ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, ভলিবল, টেবিল টেনিস, সাঁতার, দাবা ও মার্শাল আর্ট—এই ১০টি ইভেন্ট রাখা হয়েছে। এর মাধ্যমে তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হবে বলে আশা করছে সরকার।
এর আগে সংসদ সদস্য তাঁর প্রশ্নে শিশু-কিশোরদের মাদকাসক্তি ও কিশোর গ্যাংয়ে জড়িয়ে পড়ার ঝুঁকি কমাতে খেলাধুলার প্রসারের ওপর গুরুত্ব দেন। শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনগুলোর সমন্বয়ে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে নিয়মিত প্রতিযোগিতা, প্রশিক্ষণ এবং উন্মুক্ত ক্রীড়া কার্যক্রম বাড়ানোর পরিকল্পনা জানতে চান তিনি।
জবাবে প্রতিমন্ত্রী বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ এবং বিভিন্ন ক্রীড়া সংগঠনের সমন্বয়ে একটি সমন্বিত কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। এর আওতায় বিভিন্ন পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা ও প্রশিক্ষণের পাশাপাশি যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে।
দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম এবং প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের কার্যক্রমও চলমান রয়েছে বলে জানান তিনি।
তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসারে ক্রীড়া শিক্ষক নিয়োগের পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আন্তমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী এ উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ৪৯৫টি উপজেলা ক্রীড়া অফিসার নিয়োগের পাশাপাশি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রতিটি উপজেলায় আটটি ইভেন্টের প্রতিটিতে তিনজন করে ক্রীড়া শিক্ষক নিয়োগ দেওয়ার কথা রয়েছে।
এ হিসাবে মোট ১১ হাজার ৮৮০টি ক্রীড়া শিক্ষক পদে নিয়োগের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান আমিনুল হক।
প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার দেশের ক্রীড়া ক্ষেত্রে কার্যকর পদক্ষেপের মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড় শনাক্ত করার কাজ করছে। তৃণমূল থেকে ক্রীড়া প্রতিভা বিকাশের সুযোগ তৈরি এবং তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে সরকার কাজ করছে।
