দেশের তৈরি পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামোতে সর্বনিম্ন মাসিক বেতন ৩২ হাজার থেকে সর্বোচ্চ ৪৮ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। একই সঙ্গে পোশাক কারখানার কর্মচারীদের চারটি গ্রেডে ৪০ হাজার থেকে ৫৫ হাজার টাকা বেতন নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধিরা এসব প্রস্তাব তুলে ধরেন। এতে শ্রমিক ও কর্মচারীদের জন্য পৃথক গ্রেডভিত্তিক বেতন কাঠামো উপস্থাপন করা হয়।
প্রস্তাব অনুযায়ী, মোট মজুরির ৬০ শতাংশ মূল বেতন হিসেবে নির্ধারণের কথা বলা হয়েছে। মূল বেতনের ৫০ শতাংশ বাড়িভাড়া ভাতা এবং বাকি অংশ অন্যান্য ভাতা হিসেবে দেওয়ার প্রস্তাব রয়েছে।
শ্রমিকপক্ষের প্রস্তাবে পোশাকশ্রমিকদের জন্য চারটি গ্রেড রাখা হয়েছে। এর মধ্যে গ্রেড-১-এর শ্রমিকদের সর্বোচ্চ ৪৮ হাজার এবং গ্রেড-৪-এর শ্রমিকদের সর্বনিম্ন ৩২ হাজার টাকা মাসিক মজুরি নির্ধারণের কথা বলা হয়েছে।
গ্রেড-১-এ কারখানার সিনিয়র অপারেটরদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁদের জন্য মূল বেতন ২৮ হাজার ৮০০ টাকা, বাড়িভাড়া ভাতা ১৪ হাজার ৪০০ টাকা এবং অন্যান্য ভাতা ৪ হাজার ৮০০ টাকা প্রস্তাব করা হয়েছে। সব মিলিয়ে মাসিক মজুরি দাঁড়াবে ৪৮ হাজার টাকা।
গ্রেড-২-এ কারখানার সব ধরনের মেশিন চালানো ও কাজ করানো শ্রমিকদের রাখা হয়েছে। এই গ্রেডে মূল বেতন ২৫ হাজার ৮০০ টাকা, বাড়িভাড়া ভাতা ১২ হাজার ৯০০ টাকা এবং অন্যান্য ভাতা ৪ হাজার ৩০০ টাকা নির্ধারণের প্রস্তাব রয়েছে। মোট মাসিক মজুরি হবে ৪৩ হাজার টাকা।
গ্রেড-৩-এ জুনিয়র মেশিন অপারেটর ও বিভিন্ন ধরনের কাজ করা শ্রমিকদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁদের জন্য মূল বেতন ২২ হাজার ৮০০ টাকা, বাড়িভাড়া ভাতা ১১ হাজার ৪০০ টাকা এবং অন্যান্য ভাতা ৩ হাজার ৮০০ টাকা প্রস্তাব করা হয়েছে। এতে মোট মজুরি দাঁড়াবে ৩৮ হাজার টাকা।
গ্রেড-৪-এ হেলপার ও সহায়ক কাজে নিয়োজিত শ্রমিকদের রাখা হয়েছে। তাঁদের মূল বেতন ১৯ হাজার ২০০ টাকা, বাড়িভাড়া ভাতা ৯ হাজার ৬০০ টাকা এবং অন্যান্য ভাতা ৩ হাজার ২০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। এ গ্রেডে মোট মাসিক মজুরি হবে ৩২ হাজার টাকা।
প্রস্তাবিত কাঠামোতে শিক্ষানবিশ শ্রমিকদের জন্য সর্বোচ্চ তিন মাসের শিক্ষানবিশকাল নির্ধারণের কথা বলা হয়েছে। এ সময় তাঁদের মূল বেতন ১৮ হাজার টাকা, বাড়িভাড়া ভাতা ৯ হাজার টাকা এবং অন্যান্য ভাতা ৩ হাজার টাকা মিলিয়ে মোট মাসিক মজুরি হবে ৩০ হাজার টাকা।
প্রস্তাবে আরও বলা হয়েছে, খাদ্যভাতা মজুরির আওতায় অন্তর্ভুক্ত হবে না।
পোশাক কারখানার কর্মচারীদের জন্যও চারটি গ্রেডে পৃথক বেতন কাঠামোর প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। এ ক্ষেত্রে সর্বোচ্চ বেতন ৫৫ হাজার এবং সর্বনিম্ন ৪০ হাজার টাকা নির্ধারণের কথা বলা হয়েছে।
গ্রেড-১-এ স্টোর কিপার, উচ্চমান সহকারী ও সিনিয়র ফায়ারম্যানদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁদের মূল বেতন ৩৩ হাজার টাকা, বাড়িভাড়া ভাতা ১৬ হাজার ৫০০ টাকা এবং অন্যান্য ভাতা ৫ হাজার ৫০০ টাকা প্রস্তাব করা হয়েছে। এতে মোট মাসিক বেতন হবে ৫৫ হাজার টাকা।
গ্রেড-২-এ হিসাব সহকারী, স্টোর সহকারী ও অন্যান্য জুনিয়র কর্মচারীদের রাখা হয়েছে। তাঁদের মূল বেতন ৩০ হাজার টাকা, বাড়িভাড়া ভাতা ১৫ হাজার টাকা এবং অন্যান্য ভাতা ৫ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব রয়েছে। সব মিলিয়ে মাসিক বেতন দাঁড়াবে ৫০ হাজার টাকা।
গ্রেড-৩-এ ক্লার্ক, অফিসার সহকারী ও ডাটা এন্ট্রি অপারেটরদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এ গ্রেডে মূল বেতন ২৭ হাজার টাকা, বাড়িভাড়া ভাতা ১৩ হাজার ৫০০ টাকা এবং অন্যান্য ভাতা ৪ হাজার ৫০০ টাকা প্রস্তাব করা হয়েছে। মোট মাসিক বেতন হবে ৪৫ হাজার টাকা।
গ্রেড-৪-এ পিয়ন ও কুক পদে কর্মরত কর্মচারীদের রাখা হয়েছে। তাঁদের মূল বেতন ২৪ হাজার টাকা, বাড়িভাড়া ভাতা ১২ হাজার টাকা এবং অন্যান্য ভাতা ৪ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে। এ গ্রেডে মোট মাসিক বেতন হবে ৪০ হাজার টাকা।
পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণের জন্য গত ১ নভেম্বর সরকার ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। বোর্ডের প্রথম সভা হয় গত ৪ নভেম্বর। ওই সভায় শ্রমিক ও মালিকপক্ষকে নিজ নিজ প্রস্তাবিত মজুরি কাঠামো জমা দিতে বলা হয়েছিল।
শ্রমিকপক্ষের প্রস্তাব জমা হলেও এখনো নতুন মজুরি চূড়ান্ত হয়নি। মালিকপক্ষের প্রস্তাব, শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, দেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং পোশাকশিল্পের সক্ষমতা পর্যালোচনা করে মজুরি বোর্ড নতুন বেতন কাঠামোর সুপারিশ করবে।
বর্তমানে দেশের তৈরি পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের ডিসেম্বরে সর্বশেষ মজুরি কাঠামোতে এ হার নির্ধারণ করা হয়েছিল।
এবার শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার বেশি করার দাবি জানানো হচ্ছে।
