ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলা ও গণহত্যার প্রতিবাদে নেদারল্যান্ডসের আমস্টারডামে বিশাল বিক্ষোভ করেছেন লাখো মানুষ। ইসরায়েলের সঙ্গে বাণিজ্যে কঠোর বিধিনিষেধ আরোপ এবং দেশটিতে সব ধরনের অস্ত্র বিক্রি বন্ধের দাবি জানিয়েছেন তাঁরা।
গত রোববার (৮ নভেম্বর) আমস্টারডামের বিভিন্ন সড়কে বিক্ষোভকারীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। তাঁদের অনেকেই পরেছিলেন লাল পোশাক। ‘রেড লাইন’ নামে এই কর্মসূচির আয়োজন করা হয়।
আয়োজক সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নেদারল্যান্ডস শাখার তথ্য অনুযায়ী, বিক্ষোভে অংশ নিয়েছেন দুই লাখের বেশি মানুষ। ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবিতে তাঁরা বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভে অংশ নেওয়া মাইক ভ্যান ডংগেন বলেন, গাজায় চলমান পরিস্থিতি অমানবিক। তাঁর মতে, এ সংকট মোকাবিলায় নেদারল্যান্ডস সরকার কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছে না।
ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রেও সরকার যথেষ্ট সাহস দেখাচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।
বিক্ষোভ চলাকালে আমস্টারডামের একটি সড়কের পাশে বাসস্টপে দাঁড়িয়ে মাইকে ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে স্লোগান দেন এক ব্যক্তি। তাঁর ‘ফ্রি, ফ্রি প্যালেস্টাইন’ স্লোগানে কণ্ঠ মেলান মিছিলের অনেক অংশগ্রহণকারী।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় অন্তত ৭৪ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২১ হাজার শিশু রয়েছে।
দীর্ঘদিন ধরে চলা এ সংঘাতে ব্যাপক প্রাণহানির ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার জন্ম দিয়েছে। তবে সমালোচনা সত্ত্বেও পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি।
ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবিতে নেদারল্যান্ডসে এর আগেও ‘রেড লাইন’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত বছরের অক্টোবরের শুরুতে আমস্টারডামে একই দাবিতে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা।
এর আগে গত বছরের জুনে হেগ শহরের রাজপথেও একই কর্মসূচিতে অংশ নিয়েছিলেন বিক্ষোভকারীরা।
সূত্র: আল-জাজিরা
