ব্রিটিশ রাজপরিবারের সদস্য এডিনবার্গের ডাচেস সোফি বাংলাদেশ সফরে আসছেন। সফরে নারী ও কন্যাশিশুদের কল্যাণ এবং রোহিঙ্গা শরণার্থীদের জন্য পরিচালিত সহায়তা কার্যক্রম পরিদর্শন করবেন তিনি।
জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, আগামী সোমবার (৯ নভেম্বর) তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন সোফি। বুধবার (১১ নভেম্বর) পর্যন্ত চলবে তাঁর এ সফর। এ সময় বাংলাদেশের বিভিন্ন সম্প্রদায় ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।
ঢাকায় অবস্থানকালে বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে তাঁর। আলোচনায় নারী ও কন্যাশিশুদের কল্যাণ, নিরাপত্তা, সুরক্ষা ও ক্ষমতায়নের মতো অভিন্ন বিষয় গুরুত্ব পাবে।
সফরের অংশ হিসেবে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিআইপিএসওটি) পরিদর্শন করবেন সোফি। সেখানে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের ভূমিকা সম্পর্কে জানার পাশাপাশি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তায় নারীদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরবেন তিনি।
এ ছাড়া বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) পরিদর্শন করবেন ডাচেস। সেখানে নারী হকি খেলোয়াড়সহ তরুণ ক্রীড়াবিদদের সঙ্গে সাক্ষাৎ করবেন। বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
ঢাকার কর্মসূচি শেষে কক্সবাজার যাবেন সোফি। সেখানে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় কাজ করা বিভিন্ন সংস্থার কার্যক্রম সরেজমিনে দেখবেন তিনি।
বিশেষ করে বাস্তুচ্যুত নারী, শিশু ও পরিবারগুলোর সুরক্ষা, পুনর্বাসন এবং প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম সম্পর্কে জানবেন ডাচেস। পাশাপাশি শরণার্থীদের সক্ষমতা বৃদ্ধি ও নেতৃত্ব বিকাশে নেওয়া বিভিন্ন উদ্যোগও পরিদর্শন করবেন তিনি।
১৯৯৯ সালের ১৯ জুন প্রিন্স এডওয়ার্ডের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোফি। তাঁদের দুই সন্তান রয়েছে। ২০২৩ সালের মার্চে রাজা তৃতীয় চার্লস তাঁর ছোট ভাই এডওয়ার্ডকে ডিউক অব এডিনবার্গ উপাধি দেন। এরপর থেকে সোফি ডাচেস অব এডিনবার্গ হিসেবে পরিচিতি পান।
সোফি যুক্তরাজ্যের রাজপরিবারের একজন কর্মরত সদস্য। নারী ও শিশুদের অধিকার, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং সংঘাতে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন তিনি।
সূত্র: জিও নিউজ
