হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না, এমন ব্যক্তিকেও এবার বিয়ে, জন্মদিন কিংবা পারিবারিক অনুষ্ঠানের আমন্ত্রণ পাঠানো যাবে। নতুন সুবিধায় আমন্ত্রণের লিংক খুলে অ্যাকাউন্ট ছাড়াই অনুষ্ঠানের তথ্য দেখা ও উপস্থিতি নিশ্চিত করা যাবে।
সম্প্রতি হোয়াটসঅ্যাপ ইভেন্টসের নতুন এই সুবিধার কথা জানিয়েছে এর মূল প্রতিষ্ঠান মেটা। আপডেটটি চালু হলে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের বাইরেও অতিথিদের আমন্ত্রণ জানানোর সুযোগ পাবেন আয়োজকেরা।
নতুন সুবিধায় অনুষ্ঠানের আয়োজক হোয়াটসঅ্যাপে ইভেন্ট তৈরি করে প্রয়োজনীয় তথ্য ও কভার ছবি যুক্ত করতে পারবেন। এরপর তৈরি হওয়া আমন্ত্রণের লিংকটি অন্য যেকোনো মাধ্যমে অতিথিদের পাঠানো যাবে।
আমন্ত্রণ পাওয়া ব্যক্তি মোবাইল বা কম্পিউটারের ব্রাউজারে লিংকটি খুলে অনুষ্ঠানের বিস্তারিত দেখতে পারবেন। একই সঙ্গে অনুষ্ঠানে অংশ নেবেন কি না, তা-ও জানাতে পারবেন; এ জন্য হোয়াটসঅ্যাপ ডাউনলোড বা অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হবে না।
অনুষ্ঠান পরিচালনার সুবিধার্থে হোয়াটসঅ্যাপে ‘ইভেন্টস হোম’ নামে নতুন একটি বিভাগ চালুর পরিকল্পনা রয়েছে। সেটিংসের এই অংশে ব্যবহারকারীরা নিজেদের তৈরি ও অন্যদের কাছ থেকে পাওয়া আমন্ত্রণগুলো দেখতে পারবেন।
এখানে পুরোনো ও আসন্ন অনুষ্ঠানগুলোর তথ্যও থাকবে। পাশাপাশি নতুন আমন্ত্রণ তৈরি, অতিথিদের উপস্থিতির উত্তর দেখা এবং প্রয়োজন অনুযায়ী স্মরণবার্তা পাঠানোর সুবিধা পাবেন আয়োজকেরা।
নতুন আপডেটে ‘প্লাস-ওয়ান’ নামে একটি সুবিধাও যুক্ত হচ্ছে। এর মাধ্যমে আমন্ত্রিত ব্যক্তিরা জানাতে পারবেন, অনুষ্ঠানে নিজের সঙ্গে আরও একজন অতিথি নিয়ে আসবেন কি না।
বিয়ে, পার্টি কিংবা অন্যান্য সামাজিক অনুষ্ঠানে অতিথির সম্ভাব্য সংখ্যা আগে থেকে নির্ধারণে এই সুবিধা সহায়ক হবে।
হোয়াটসঅ্যাপের দাবি, নতুন সুবিধায় আয়োজকের অপরিচিত অতিথিরা তাঁর ফোন নম্বর দেখতে পারবেন না। অ্যাকাউন্ট ছাড়া আমন্ত্রণের লিংক খোলা ব্যক্তিরা উপস্থিতি নিশ্চিত করার পরই অনুষ্ঠানের ঠিকানা দেখতে পারবেন।
এ ছাড়া ব্যক্তিগত বার্তা ও কল আগের মতোই এন্ড-টু-এন্ড এনক্রিপশনের আওতায় থাকবে। নতুন ইভেন্ট শেয়ারিং সুবিধার কারণে ব্যক্তিগত কথোপকথনের নিরাপত্তাব্যবস্থায় পরিবর্তন হবে না বলে জানিয়েছে সংস্থাটি।
কয়েক সপ্তাহের মধ্যে চালু হতে পারে
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ধাপে ধাপে ব্যবহারকারীদের কাছে নতুন সুবিধাগুলো পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। ফলে সবাই একই সময়ে আপডেটটি নাও পেতে পারেন।
নতুন সুবিধা চালু হলে বিয়ে, জন্মদিন, পারিবারিক অনুষ্ঠান কিংবা পার্টির আমন্ত্রণ জানানো আরও সহজ হবে। বিশেষ করে যেসব অতিথি হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না, তাঁদের আমন্ত্রণ জানানোর ক্ষেত্রে এটি কার্যকর ভূমিকা রাখবে।

ডেস্ক রিপোর্ট