মোঃ মোফাছসিল খান, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দোলনচাঁপা হলে গ্যাসের চুলার লিকেজ থেকে আগুনের ঘটনা ঘটেছে। এতে এক শিক্ষার্থী আহত হয়েছেন।
শনিবার (৭ নভেম্বর) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে হলের তৃতীয় তলার ৩০৭ নম্বর কক্ষের উত্তর-পূর্ব কোণে এ অগ্নিকাণ্ড ঘটে।
আহত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের। তাঁর ভাষ্য, রান্নার সময় হঠাৎ চুলার আগুন ছড়িয়ে পড়ে। আগুন থেকে বাঁচতে দ্রুত সরে যাওয়ার সময় ডান হাতে আঘাত পান তিনি। এতে হাতের হাড়ের সন্ধি সরে যায় (ডিসলোকেশন)। পরে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
প্রায় ১০ মিনিট ধরে আগুন জ্বলতে থাকে। পরে হলের আনসার সদস্যদের সমন্বয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ঘটনার পর চুলা মেরামত করতে আসা এক মিস্ত্রি জানান, গ্যাসের মূল চাবিতে লিকেজ ছিল। চুলার বিভিন্ন যন্ত্রাংশ দুর্বল হয়ে পড়ায় গ্যাস বের হচ্ছিল বলে তাঁর ধারণা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবুর রহমান জনি বলেন, গ্যাসের চুলার মূল চাবি দিয়ে লিকেজ হচ্ছিল। খবর পেয়ে মিস্ত্রি পাঠিয়ে তা বন্ধ করা হয়েছে।
হল প্রভোস্ট ও ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক উম্মে ফারহানা জানান, ঘটনার সময় তিনি ক্যাম্পাসে ছিলেন না। ফলে সরাসরি পরিস্থিতি না দেখে নির্ভরযোগ্য তথ্য দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়।
তিনি আরও জানান, দোলনচাঁপা হলে আগে গ্যাসের ব্যবস্থা ছিল না। ডাইনিং পরিচালনা নিয়ে জটিলতা তৈরি হওয়ায় শিক্ষার্থীদের বিকল্প হিসেবে সম্প্রতি গ্যাসের ব্যবস্থা করা হয়। গ্যাসলাইন স্থাপনের এক বছরও হয়নি বলে উল্লেখ করেন তিনি।
