রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) আন্দোলনরত নারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ ঘটনার প্রতিবাদ জানান।
ফেসবুক পোস্টে শফিকুর রহমান লেখেন, গভীর রাতে নারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের ঘটনা দেখার জন্য দেশে কেউ নেই কি না, সেই প্রশ্নও তোলেন তিনি।
শিক্ষার্থীদের দাবির প্রসঙ্গ তুলে জামায়াত আমির বলেন, হলের সিট পুনর্বহাল, আবাসন সংকট নিরসন ও প্রাতিষ্ঠানিক হয়রানি বন্ধের মতো যৌক্তিক দাবিতে আন্দোলনরত ছাত্রীদের সঙ্গে আলোচনা না করে পুলিশ দিয়ে বলপ্রয়োগ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ছাত্রী হোস্টেলে পুরুষ পুলিশ সদস্যদের প্রবেশ করে লাঠিচার্জের ঘটনাটিও উদ্বেগজনক বলে উল্লেখ করেন তিনি। এ প্রসঙ্গে নিজের পোস্টে শফিকুর রহমান প্রশ্ন করেন, ‘সরকার বলে কি আসলেই কোনো ব্যবস্থা দেশে আছে?’
শিক্ষার্থীদের দাবির বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং আন্দোলনকারীদের যৌক্তিক দাবি পূরণের দাবি জানান।
জনগণের ওপর ফ্যাসিবাদী কায়দায় দমন-পীড়ন চালানোর সংস্কৃতি আর চলতে পারে না বলেও মন্তব্য করেন জামায়াতে ইসলামীর আমির।
