হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষার হলে নকল করতে বাধা দেওয়াকে কেন্দ্র করে এক শিক্ষককে ঘুষি মারার অভিযোগ উঠেছে দশম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে অভিযুক্ত শিক্ষার্থীর শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে প্রতিষ্ঠানের অন্য শিক্ষার্থীরা।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যা থেকে রাত ১০টার পর পর্যন্ত শিক্ষার্থীরা বিক্ষোভ করে। এতে বিদ্যালয় ও আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, পরীক্ষা চলাকালে দশম শ্রেণির শিক্ষার্থী ফারহান অন্য শিক্ষার্থীর খাতা দেখে লেখার চেষ্টা করলে শিক্ষক আল-আমিন তাকে বাধা দেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ফারহান শিক্ষকের সঙ্গে অশোভন আচরণ করে এবং তাঁকে ঘুষি মারে বলে অভিযোগ উঠেছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তারা অভিযুক্ত শিক্ষার্থীর বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু করে। এ সময় শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিদ্যালয়ের মাঠ ও চত্বরে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায় চুনারুঘাট থানা-পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি), র্যাব ও রিজার্ভ ফোর্সের সদস্যরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পরে কোনো ধরনের বলপ্রয়োগ ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে পুলিশ জানায়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী ও সহকারী পুলিশ সুপার রাফিউর রহমানের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এদিকে শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সচেতন মহলের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
