জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়ন পরিকল্পনা নিয়ে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেনের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রতিনিধি দলে উপাচার্যের সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসেন এবং রেজিস্ট্রার মো. সারওয়ার জাহান।
সাক্ষাৎকালে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম, প্রশাসনিক অগ্রগতি, অবকাঠামোগত উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি অবকাঠামোগত সীমাবদ্ধতা ও প্রয়োজনীয় জনবলের ঘাটতিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন চ্যালেঞ্জ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহযোগিতা চান উপাচার্য। শিক্ষা ও গবেষণার পরিবেশ উন্নত করা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো এবং বিশ্ববিদ্যালয়কে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও গবেষণামুখী উচ্চশিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন তিনি।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, রাষ্ট্রপতি প্রতিনিধি দলের বক্তব্য শোনেন এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, বিশেষ করে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) বাস্তবায়ন ও অগ্রগতির বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করছে, রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও সহযোগিতায় জাবিপ্রবির প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে অগ্রগতি হবে।
