কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১০ নম্বর দক্ষিণ গুনাইঘর ইউনিয়ন আওয়ামী লীগের নবগঠিত কমিটিতে বিনা অনুমতিতে নাম অন্তর্ভুক্ত করায় তা প্রত্যাহারের আবেদন করেছেন মো. আব্দুল্লাহ আল-নোমান (লিমন) নামে এক ব্যবসায়ী। একইসঙ্গে এ ঘটনাকে কেন্দ্র করে ফেসবুকে অপপ্রচার চালানোরও তীব্র নিন্দা জানিয়েছেন তিনি।
জানা যায়, গত ৫ অক্টোবর (২০২২) ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছে দেওয়া এক লিখিত আবেদনে তিনি নাম প্রত্যাহারের এই দাবি জানান।
লিখিত অভিযোগে আব্দুল্লাহ আল-নোমান উল্লেখ করেন, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। সম্পূর্ণ বিনা অনুমতিতে ও তার অজান্তে তাকে ওই কমিটির ২ নম্বর সহসভাপতি পদে মনোনীত করা হয়েছে। তিনি নিজেকে একজন সাধারণ সমাজসেবক দাবি করে ভবিষ্যতে রাজনীতিতে না জড়ানোরও ঘোষণা দেন। তিনি সম্পূর্ণ অরাজনৈতিক থেকে মানুষের সেবা করতে চান বলে আবেদনে উল্লেখ করে দ্রুত কমিটি থেকে তার নাম বাদ দেওয়ার জোর দাবি জানান।
এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে আব্দুল্লাহ আল-নোমান বলেন, "আমি একজন ব্যবসায়ী ও শিল্পপতি। বিভিন্ন মানুষের সঙ্গে আমার ছবি থাকতেই পারে, কিন্তু সেটিকে কেন্দ্র করে ফেসবুকে রাজনৈতিক ইস্যু বানিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। আমি এর তীব্র নিন্দা জানাই এবং আমাকে নিয়ে এ ধরনের ভিত্তিহীন অপপ্রচার থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ করছি।"
