বুধবার (২১ অক্টোবর) সংবাদমাধ্যমটির এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টের বরাতে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম খালিজ টাইমস।
প্রতিবেদনে বলা হয়, গত ১৪ অক্টোবর মক্কার একটি মসজিদে অশালীন কর্মকাণ্ডের অভিযোগে নজরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার নামের দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করে সৌদি কর্তৃপক্ষ। তবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে ঘটনার বিস্তারিত বিবরণ কিংবা নির্দিষ্ট মসজিদটির নাম প্রকাশ করা হয়নি।
এই মৃত্যুদণ্ড কার্যকরের খবর ছড়িয়ে পড়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে পবিত্র কাবার পূর্ব কোণে অবস্থিত হাজরে আসওয়াদের কাছে এক নারী ও পুরুষের একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভিডিওটির সঙ্গে ওই দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনা জুড়ে দিয়ে নানা বিভ্রান্তিকর দাবি করা হয়।
তবে ‘দ্য হলি মস্কস’-এর এক্স অ্যাকাউন্ট থেকে স্পষ্ট জানানো হয়েছে, ভাইরাল হওয়া ওই ভিডিওটির সঙ্গে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির কোনো সম্পর্ক নেই। এই ভিডিও ব্যবহার করে যা প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত।
এদিকে, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সৌদি কর্তৃপক্ষের কাছে এরই মধ্যে বিস্তারিত তথ্য চেয়েছে বাংলাদেশ। তাদের বিরুদ্ধে আনা অভিযোগের প্রমাণ, বিচারপ্রক্রিয়া এবং মৃত্যুদণ্ড কার্যকরের আগে কূটনৈতিক প্রটোকল মেনে বাংলাদেশ মিশনকে অবহিত করা হয়েছিল কি না—তা জানতে চেয়েছে ঢাকা।
