সোমবার (১৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
প্রতিমন্ত্রী জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক নারী ও এক পুরুষ প্রবাসীর বিষয়ে বিস্তারিত জানতে এরই মধ্যে সৌদি আরবের কাছে প্রয়োজনীয় তথ্য চাওয়া হয়েছে। এ বিষয়ে জেদ্দা থেকে উত্তর আসার অপেক্ষায় রয়েছে ঢাকা।
সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পোস্ট দেখে বিভ্রান্ত না হওয়ারও পরামর্শ দেন তিনি। শামা ওবায়েদ সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে ভুল তথ্য ও অপপ্রচার থেকে সতর্ক থাকতে বলেছেন।
কারাবন্দি বাংলাদেশিদের বিষয়ে নিয়মিত বিরতিতে তথ্য পাঠায় সৌদি কর্তৃপক্ষ। ওই তালিকায় এই দুই ব্যক্তির নাম আছে কি না, তা যাচাই-বাছাই করে দেখা হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী।
তিনি আরও জানান, সরকারের কাছে কিংবা সংশ্লিষ্ট পরিবারগুলোর পক্ষ থেকেও এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য আসেনি। রায়ের কপি হাতে পেলে পরিস্থিতি মূল্যায়ন করে পরিষ্কার ধারণা দেওয়া সম্ভব হবে।
বাংলাদেশি কর্মীদের জন্য সৌদি আরবকে একটি গুরুত্বপূর্ণ গন্তব্য ও রেমিট্যান্সের বড় উৎস বলে উল্লেখ করেন শামা ওবায়েদ। তিনি বলেন, সেখানে কর্মরত প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি সরকার সব সময় গুরুত্বের সঙ্গে বিবেচনা করে।

স্টাফ রিপোর্টার