রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আকস্মিক এই হামলায় এক সিএনজিচালিত অটোরিকশার চালক আহত হয়েছেন।
বুধবার (১৪ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে এই ককটেল হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ইবনে মিজান।
পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, জাদুঘরের সামনে দুর্বৃত্তরা দুটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি বিস্ফোরিত হলেও অন্যটি অবিস্ফোরিত অবস্থায় রাস্তায় পড়ে ছিল।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশের বম্ব ডিসপোজাল ইউনিট। এরপর তারা অবিস্ফোরিত ককটেলটি নিষ্ক্রিয় করার কাজ শুরু করেন।
তবে রাতের অন্ধকারে এই ককটেল হামলায় কে বা কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
অপরাধীদের শনাক্ত করতে ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
এদিকে ককটেল বিস্ফোরণে আহত অটোরিকশা চালককে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তার চিকিৎসা চলছে।
